ক্যাম্পাস

বেরোবি কেন্দ্রীয় ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে ২১ জানুয়ারি


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৫, ১০:৪৫ পিএম

বেরোবি কেন্দ্রীয় ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে ২১ জানুয়ারি
ছবি: সংগৃহীত

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি)-এর কেন্দ্রীয় ছাত্র সংসদ (ব্রাকসু) ও হল সংসদ নির্বাচন ২০২৬ সালের ২১ জানুয়ারি অনুষ্ঠিত হবে। এ সংক্রান্ত নতুন তফসিল বুধবার রাতে নির্বাচন কমিশনারদের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে প্রকাশ করা হয়েছে।

এর আগে চলতি বছরের ১৮ নভেম্বর প্রথম তফসিল ঘোষণা করা হয়েছিল, যেখানে ভোটের তারিখ নির্ধারিত হয়েছিল ২৯ ডিসেম্বর। পরে দ্বিতীয় দফায় তফসিল সংশোধন করে ভোটের দিন ২৪ ডিসেম্বর নির্ধারণ করা হয়। ৩ ডিসেম্বর মনোনয়ন ফরম বিতরণ ও জমাদানের তারিখ পরিবর্তন হলেও ভোটের দিন অপরিবর্তিত ছিল। আজ চতুর্থবারের মতো ভোটের তারিখ পরিবর্তন করে নতুন তফসিল প্রকাশ করা হলো।

নির্বাচন কমিশন জানায়, ভোটার তালিকায় একাধিক গুরুতর ত্রুটি থাকার কারণে দ্বিতীয়বারের মতো নির্বাচন স্থগিত করা হয়েছে। এর আগে মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে (৯ ডিসেম্বর) কমিশনারদের কেউ নির্বাচন কমিশন কার্যালয়ে উপস্থিত না হওয়ায় প্রার্থীরা ক্ষোভ প্রকাশ করেছিলেন।

নতুন তফসিল অনুযায়ী, আগামী ১৩ ডিসেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। খসড়া তালিকা নিয়ে আপত্তি গ্রহণ করা হবে ১৪, ১৫ ও ১৬ ডিসেম্বর। এরপর ১৭ ডিসেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। মনোনয়নপত্র বিতরণ ও দাখিল শুরু হবে ২০ ডিসেম্বর এবং শেষ দিন নির্ধারণ করা হয়েছে ২১ ডিসেম্বর।

মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ২২ ডিসেম্বর। ২৩ ডিসেম্বর আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি শেষে চূড়ান্ত প্রার্থী তালিকাও প্রকাশ করা হবে। ভোটগ্রহণ, গণনা ও ফলাফল ঘোষণা করা হবে ২০২৬ সালের ২১ জানুয়ারি।