ক্যাম্পাস
প্রাইমএশিয়া ছাত্রদল নেতা পারভেজের ১ম মৃত্যুবার্ষিকীতে দোয়া-মানববন্ধন
প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা মো. জাহিদুল ইসলাম পারভেজের ১ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া-মিলাদ মাহফিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার (১৯ এপ্রিল) প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয় ছাত্রদলের উদ্যোগে মিলাদ মাহফিল ও মানববন্ধনের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। একই সঙ্গে উপস্থিত শিক্ষার্থী ও নেতৃবৃন্দ তার স্মৃতিচারণ করেন। দোয়া মাহফিল শেষে তার হত্যার সুষ্ঠু ও দ্রুত বিচার নিশ্চিতের দাবিতে একটি মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে বক্তারা জানান, দ্রুত বিচার প্রক্রিয়া সম্পন্ন করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। পরে অসহায় ও দুস্থ মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি ইঞ্জি. আবু হুরায়রা, সাধারণ সম্পাদক এম রাজিবুল ইসলাম তালুকদার বিন্দু, সহসভাপতি ফেরদৌস মোহাম্মদ রুবেল, প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি তাহসিন মো. চৌধুরী, সাধারণ সম্পাদক ফাহিম বকশিসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
অনুষ্ঠান শেষে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।