ক্যাম্পাস

কুবিতে শিক্ষার্থীদের দাবি নিয়ে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের পোস্টারিং 


কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশ: ২৫ জুন ২০২৬, ০৮:৩০ পিএম

কুবিতে শিক্ষার্থীদের দাবি নিয়ে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের পোস্টারিং 
ছবিঃ ঢাকা প্রকাশ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) বিভিন্ন সংকট ও দাবি নিয়ে পোস্টারিং কার্যক্রম করেছে বিশ্ববিদ্যালয়ের শাখা সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট। 

গতকাল বুধবার (২৪ জুন) দুপুর ২টার দিকে এই পোস্টারিং কার্যক্রম পরিচালনা করেন তারা। 

এসময় দেখা যায়, শিক্ষার্থীদের জন্য পরিবহন সুবিধা বৃদ্ধি, প্রথম বর্ষে সেমিস্টার ফি কমানো, প্রত্যেক বিভাগে ল্যাব ও সেমিনার সুবিধা প্রদান, ছাত্রসংসদ নির্বাচন, যৌন নিপীড়ন বিরোধী সেল চালু ও কার্যকর, ডাইনিং ও ক্যাফেটেরিয়ার খাবারে ভর্তুকি, অনাবাসিক শিক্ষার্থীদের হল ফি বাতিলসহ বিভিন্ন দাবি সম্বলিত পোস্টারিং কার্যক্রম পরিচালনা করেন তারা। 

এ ব্যাপারে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট কুবি শাখার সংগঠক মারুফ শেখ বলেন, ‘আমরা মনে করি ছাত্র রাজনীতি হবে ছাত্রদের অধিকার আদায়ের পক্ষে। সহিংসতার রাজনীতির যে উদাহরণ তৈরি করা হয়েছে আমরা তার বিপরীতে শিক্ষার্থীদের অধিকার আদায়ের রাজনীতিও আছে তাই তুলে ধরতেই দাবিনামা নিয়ে পোস্টারিং করি। আমাদের সংগঠন দীর্ঘদিন ধরে শিক্ষার সংকট, ক্যাম্পাসের সংকট নিয়ে লড়াই করে আসছে।’

তিন আরও বলেন, ‘একপক্ষ রাজনীতি নিষিদ্ধের দাবি তুলে কেবলই নিজেদের অবস্থান পাকাপোক্ত করেছে। রাজনীতি নিষিদ্ধ নয় বরং রাজনৈতিক সচেতনতায় আলাপ রাখা জরুরি। যাতে ছাত্র রাজনীতির নামে চাঁদাবাজি, দখলদারিত্ব, টেন্ডারবাজি, গণরুম-গেস্টরুম কালচার ফিরে না আসে। আর তার জন্য প্রতিটি শিক্ষার্থীকে তার অধিকার আদায়ের জন্য স্পৃহা ধরে রাখতে হবে।’

এ ব্যাপারে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের কেন্দ্রীয় সভাপতি সালমান সিদ্দিকী বলেন, ' বাংলাদেশের প্রায় সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে শিক্ষক সংকট, ক্যাফেটেরিয়া, হলের খাবার সমস্যা , আবাসন সমস্যা, পরিবহন সমস্যাসহ বিভিন্ন সমস্যা রয়েছে। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ও এর ব্যতিক্রম নয় তাই আমরা সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট এসব সমস্যার সমাধানে সবসময় কথা বলে আসছি এবং এখনো বলছি। আমরা চাই কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমাদের কুবি শাখার সাথে তাদের দাবি আদায়ে কাজ করবে। কারণ সকল দাবিই শিক্ষার্থীদের জন্য। আগামীতেও আমরা এসব দাবি পূরণে সোচ্চার থাকবো।  ' 

উল্লেখ্য, এর আগে গতবছরের ১৩ ফেব্রুয়ারি সংগঠনটির ছাত্র সমাবেশ অনুষ্ঠান কর্মসূচির পোস্টারিং করেছিল সংগঠনটি।