খেলা
আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ, তদন্ত প্রতিবেদন প্রকাশ
নিরাপত্তা শঙ্কার কারণ দেখিয়ে চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিজেদের ম্যাচগুলো ভারত থেকে শ্রীলঙ্কায় সরিয়ে নিতে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের কাছে চিঠিও দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তবে কয়েক দফা বৈঠকের পরও বাংলাদেশকে রাজি করাতে পারেনি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল।
এরপর তৎকালীন অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছিলেন, বাংলাদেশ দল ভারতে খেলতে যাবে না। শেষ পর্যন্ত বাংলাদেশের পরিবর্তে টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার সুযোগ পায় স্কটল্যান্ড।
বাংলাদেশের বিশ্বকাপে না যাওয়ার পেছনে প্রকৃতপক্ষে নিরাপত্তা শঙ্কা ছিল, নাকি অন্য কোনো কারণ ছিল, তা খতিয়ে দেখতে তদন্তের উদ্যোগ নেয় বর্তমান যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।
এ জন্য যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কে এম অলিউল্ল্যাকে আহ্বায়ক করে তিন সদস্যের কারণ অনুসন্ধান কমিটি গঠন করা হয়। কমিটির অন্য দুই সদস্য ছিলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন ও আইনজীবী ফয়সালা দস্তগীর।
দীর্ঘ কয়েক মাসের তদন্ত শেষে মঙ্গলবার তিন সদস্যের কমিটি তাদের প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদনে বাংলাদেশ দলের বিশ্বকাপে না যাওয়ার সিদ্ধান্ত কার নির্দেশে নেওয়া হয়েছিল, সে বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরা হয়েছে।
তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, ক্রিকেটাররা বিশ্বকাপে খেলতে রাজি থাকলেও সরকারের কাছ থেকে অনুমতি না পাওয়ায় তারা বিশ্বকাপে অংশ নিতে পারেননি। প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, বিশ্বকাপে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন সাবেক যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল।