ক্যাম্পাস
নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের ঐতিহাসিক যাত্রা শুরু শনিবার
দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে আনুষ্ঠানিক শিক্ষা কার্যক্রম শুরু করতে যাচ্ছে উত্তরাঞ্চলের উচ্চশিক্ষার নতুন কেন্দ্র নওগাঁ বিশ্ববিদ্যালয়। আগামী ১৮ জুলাই (শনিবার) জমকালো আয়োজনের মধ্য দিয়ে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ এবং শিক্ষা কার্যক্রমের শুভ সূচনা করা হবে।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. সায়েম বিন সোলায়মান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
নির্ধারিত সূচি অনুযায়ী, সকাল ১০টায় বরুনকান্দি মোড়ে অবস্থিত অস্থায়ী ক্যাম্পাসে জাতীয় ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলনের মাধ্যমে উদ্বোধনী আয়োজন শুরু হবে। এরপর পায়রা অবমুক্তি, বেলুন উড়ানো এবং উদ্বোধনী ফলক উন্মোচনের মাধ্যমে অনুষ্ঠান এগিয়ে যাবে।
পরবর্তী সময়ে বিশ্ববিদ্যালয়ের শ্রেণিকক্ষ, আধুনিক গ্রন্থাগার, কম্পিউটার ল্যাব এবং ব্র্যাক ব্যাংক স্টাডি সেন্টারের উদ্বোধন করা হবে। এসব কার্যক্রম শেষে কেক কেটে আনুষ্ঠানিকভাবে শিক্ষা কার্যক্রমের যাত্রা শুরু ঘোষণা করা হবে।
প্রথম পর্বের আনুষ্ঠানিকতা শেষে সকাল ১১টা থেকে উপজেলা অডিটোরিয়ামে শুরু হবে নবীনবরণ ও আলোচনা সভা। ধর্মগ্রন্থ পাঠ ও জাতীয় সংগীত পরিবেশনের পর নওগাঁর ঐতিহ্যের প্রতীক আম গাছের চারা দিয়ে নবাগত শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম, শিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুল খালেক, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ, সদস্য অধ্যাপক ড. আবদুল্লাহ-আল-মামুন এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের মহাপরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল।
এছাড়াও স্থানীয় সংসদ সদস্য, জেলা পরিষদের প্রশাসক এবং সিটি ব্যাংক ও ব্র্যাক ব্যাংকের প্রতিনিধিরা অনুষ্ঠানে বক্তব্য রাখবেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহা. হাছানাত আলী। দুপুর ২টা ২৫ মিনিটে সভাপতির সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে উদ্বোধনী আয়োজন শেষ হবে।