রাজধানী
দুর্গাপূজা উপলক্ষে পূর্বাঞ্চলে ৪ জোড়া বিশেষ ট্রেন
আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে যাত্রীদের বাড়তি চাপ সামাল দিতে বিশেষ ট্রেন চালুর ঘোষণা দিয়েছে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ। আগামী ৩০ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত ঢাকা-কক্সবাজার ও ঢাকা-চট্টগ্রাম রুটে মোট ৪ জোড়া বিশেষ ট্রেন চলবে। এর মধ্যে ৩ জোড়া ঢাকা–কক্সবাজার রুটে এবং ১ জোড়া ঢাকা–চট্টগ্রাম রুটে চলাচল করবে।
রেলওয়ের তথ্য অনুযায়ী, প্রতিটি বিশেষ ট্রেনে থাকবে ১৮টি বগি। দিনে আসন সংখ্যা হবে ৮৩৪টি এবং রাতে ৭৮৯টি। ভাড়া নির্ধারণ করা হয়েছে নিয়মিত সুবর্ণ এক্সপ্রেস, সোনার বাংলা ও কক্সবাজার এক্সপ্রেসের মতোই। তবে যাত্রীদের এসি সিটে ৩০ শতাংশ এবং নন-এসি সিটে ২০ শতাংশ অতিরিক্ত ভাড়া গুনতে হবে।
রেলওয়ে পূর্বাঞ্চলের ডেপুটি চিফ অপারেটিং সুপারিন্টেনডেন্ট তারেক মুহাম্মদ ইমরান বলেন, “যাত্রীদের ভ্রমণ চাহিদা বাড়ায় বিশেষ ট্রেন চালানো হচ্ছে। যাত্রীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় ভ্রমণ নিশ্চিত করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।”
বিশেষ ট্রেনের সময়সূচি:
-
৩০ সেপ্টেম্বর:
-
চট্টগ্রাম–ঢাকা স্পেশাল ট্রেন দুপুর ২:৪৫ মিনিটে ছাড়বে, রাত ৮টায় পৌঁছাবে ঢাকায়।
-
একই দিন রাত ১০:৩০টায় কমলাপুর থেকে কক্সবাজারগামী ‘ট্যুরিস্ট স্পেশাল–১০০২’ ছেড়ে যাবে।
-
-
১ অক্টোবর:
-
কক্সবাজার–ঢাকা ‘ট্যুরিস্ট স্পেশাল–১০০১’ বেলা ১১:৩০টায় ছেড়ে রাত ৮টায় পৌঁছাবে ঢাকায়।
-
একই রাতে আবার ঢাকা থেকে কক্সবাজারগামী ‘ট্যুরিস্ট স্পেশাল–১০০২’ চলবে।
-
-
৩ অক্টোবর:
-
কক্সবাজার–ঢাকা ‘ট্যুরিস্ট স্পেশাল–১০০১’ ছেড়ে আসবে বেলা ১১:৩০টায়।
-
রাতে ঢাকা থেকে কক্সবাজারগামী ‘ট্যুরিস্ট স্পেশাল–১০০২’ ছাড়বে।
-
-
৪ অক্টোবর:
-
কক্সবাজার–ঢাকা ‘ট্যুরিস্ট স্পেশাল–১০০১’ বেলা ১১:৩০টায় ছাড়বে।
-
একই রাতে রাত ১০:৩০টায় ঢাকা থেকে চট্টগ্রামগামী ‘চট্টগ্রাম স্পেশাল’ ছেড়ে ভোর ৪:৩০টায় পৌঁছাবে চট্টগ্রামে।
-