রাজধানী
রূপনগরে প্রিন্টিং ও কেমিক্যাল গোডাউনে ভয়াবহ আগুন, নিহত ৯
রাজধানীর মিরপুরের রূপনগর এলাকায় একটি প্রিন্টিং কারখানা ও কেমিক্যাল গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও অনেকে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে ফায়ার সার্ভিস।
মঙ্গলবার (১৪ অক্টোবর) বেলা ১১টা ৪০ মিনিটের দিকে আগুনের সূত্রপাত ঘটে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। খবর পাওয়ার পর বেলা ১১টা ৫৬ মিনিটে প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তবে বিকেল পর্যন্ত—চার ঘণ্টার বেশি সময় পেরিয়ে গেলেও আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।
ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম জানান, “রূপনগরে ভয়াবহ এই অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত ৯ জনের মৃত্যু নিশ্চিত হওয়া গেছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। আগুনের তীব্রতা কিছুটা কমলেও প্রচণ্ড ধোঁয়া ছড়িয়ে রয়েছে, যা নিয়ন্ত্রণ কার্যক্রমে বাধা সৃষ্টি করছে।”
তিনি আরও বলেন, “আগুন মূলত দুটি গোডাউনে লেগেছে—একটি প্রিন্টিং ও কাপড়ের গোডাউন এবং অন্যটি কেমিক্যালের। সেখানে প্রচুর দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট একটানা কাজ করছে।”
এদিকে স্থানীয়রা জানান, আগুন লাগার পর মুহূর্তেই পুরো এলাকা ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়। আশপাশের ভবন থেকে আতঙ্কিত হয়ে মানুষজন নিরাপদ স্থানে সরে যান। অনেকেই নিজেরা আগুন নেভানোর চেষ্টা করলেও তীব্র তাপ ও ধোঁয়ার কারণে তা সম্ভব হয়নি।
ফায়ার সার্ভিস জানিয়েছে, আগুনের উৎস ও ক্ষয়ক্ষতির পরিমাণ প্রাথমিকভাবে জানা যায়নি। নিয়ন্ত্রণে আসার পর তদন্ত করে কারণ ও ক্ষতির হিসাব জানানো হবে।
রূপনগর এলাকার এই ভয়াবহ অগ্নিকাণ্ডে স্থানীয়দের মধ্যে শোক ও আতঙ্ক বিরাজ করছে।