রাজধানী
শাহজালাল বিমানবন্দরে আগুন, বিমান ওঠানামা সাময়িক স্থগিত
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় বিমান ওঠানামা সাময়িকভাবে স্থগিত করেছে কর্তৃপক্ষ। শনিবার (১৮ অক্টোবর) দুপুর ২টা ১৫ মিনিটের দিকে কার্গো ভিলেজের একটি অংশে হঠাৎ আগুন লাগে। ওই এলাকায় মূলত আমদানি করা পণ্য মজুত রাখা হয়।
প্রাথমিকভাবে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা শুরু করে। তবে পরে পরিস্থিতি জটিল হয়ে উঠলে ফায়ার সার্ভিসের আরও ইউনিট ডাকা হয়। বিকেল ৩টা পর্যন্ত সর্বশেষ খবর অনুযায়ী, মোট ১৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে এবং আরও ১৬টি ইউনিট ঘটনাস্থলে রওনা দিয়েছে।
আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে আগুনের ধোঁয়া ও তাপের কারণে বিমান চলাচলে সম্ভাব্য ঝুঁকি তৈরি হওয়ায় বিমানবন্দর কর্তৃপক্ষ উড্ডয়ন ও অবতরণ সাময়িকভাবে স্থগিত ঘোষণা করে।
বিকেল ৩টা ৩০ মিনিটে বিমানবন্দরের নির্বাহী পরিচালকের মুখপাত্র মো. মাসুদুল হাসান মাসুদ বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, সতর্কতামূলক ব্যবস্থার অংশ হিসেবে বিমান ওঠানামা সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে ফ্লাইট চলাচল পুনরায় শুরু হবে।
বিমানবন্দর সূত্র জানিয়েছে, বিমান চলাচল স্থগিত থাকায় টারমাকে অপেক্ষা করছে ঢাকা থেকে কুয়ালালামপুরগামী বাটিক এয়ারের ওডি১৬৩ ফ্লাইট এবং ঢাকা থেকে মুম্বাইগামী ইন্ডিগোর ৬ই১১১৬ ফ্লাইট। এ ছাড়া বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সৈয়দপুর থেকে ঢাকাগামী একটি ফ্লাইট ঢাকায় অবতরণ না করে চট্টগ্রামে পাঠানো হয়েছে। একইভাবে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইট উড্ডয়নের পর আবার চট্টগ্রামে ফিরে গেছে।
ঘটনার পরপরই বিমানবন্দরের নিজস্ব ফায়ার সেকশন, বাংলাদেশ বিমান বাহিনীর অগ্নি-নির্বাপণ ইউনিট এবং অন্যান্য সংশ্লিষ্ট সংস্থা ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে একযোগে কাজ শুরু করে।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, ফ্লাইট চলাচল স্বাভাবিক রাখতে এবং যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের সতর্কতা অবলম্বন করা হচ্ছে।