রাজধানী

রামপুরায় টিভি গেটের সামনে ভিক্টোরিয়া পরিবহনের বাসে আগুন


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২০ নভেম্বর ২০২৫, ০৯:৪১ এএম

রামপুরায় টিভি গেটের সামনে ভিক্টোরিয়া পরিবহনের বাসে আগুন
ছবি: সংগৃহীত

রাজধানীর রামপুরায় বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ভবনের গেটের সামনে ভিক্টোরিয়া পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

বুধবার (১৯ নভেম্বর) রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণকক্ষের ডিউটি অফিসার রাকিবুল হাসান জানান, টিভি ভবনের গেটের সামনে থাকা ভিক্টোরিয়া পরিবহনের বাসটিতে আগুন লাগার খবর পেয়ে সঙ্গে সঙ্গে দুটি ইউনিট পাঠানো হয়। ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

তিনি আরও জানান, বাসে আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। প্রাথমিকভাবে কোনো হতাহতের খবরও পাওয়া যায়নি। তবে আগুন লাগার পেছনের কারণ উদঘাটন ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে তদন্ত চলছে।