রাজধানী
মেট্রোরেলের র্যাপিড পাস ও এমআরটি পাসে চালু ঘরে বসেই রিচার্জের সুবিধা
ঢাকা মেট্রোরেলের র্যাপিড পাস ও এমআরটি পাস কার্ডে অনলাইন রিচার্জ সুবিধা আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে। মঙ্গলবার সকাল পৌনে ১১টায় রাজধানীর আগারগাঁও মেট্রো স্টেশনে এই নতুন সেবার উদ্বোধন করা হয়। এর মাধ্যমে যাত্রীদের আর স্টেশন কাউন্টারে গিয়ে লাইন ধরে রিচার্জ করার প্রয়োজন হবে না-ঘরে বসেই সহজে কার্ড রিচার্জ করা যাবে।
নতুন ব্যবস্থায় ব্যাংকের ক্রেডিট কার্ড, বিকাশ, নগদ, রকেটসহ সব ধরনের অনলাইন পেমেন্ট সেবার মাধ্যমে রিচার্জ করা সম্ভব। এই ডিজিটাল সুবিধা মেট্রোরেল ব্যবহারে যাত্রীদের সময় ও ঝামেলা দুটোই কমাবে বলে আশা করা হচ্ছে।
কিভাবে রিচার্জ করবেন?
ঢাকা পরিবহণ সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) তৈরি বিশেষ ওয়েব প্ল্যাটফর্ম বা মোবাইল অ্যাপে প্রথমে নিবন্ধন করে লগইন করতে হবে। এরপর রিচার্জ অপশনে গিয়ে বেছে নিতে হবে—র্যাপিড পাস নাকি এমআরটি পাস রিচার্জ করবেন।
পেমেন্ট মাধ্যম নির্বাচন করে টাকা পরিশোধ করার পর রিচার্জ ‘অপেক্ষমাণ’ অবস্থায় থাকবে। যেকোনো মেট্রো স্টেশনে স্থাপন করা বিশেষ যন্ত্রে কার্ড স্পর্শ করলেই অনলাইন রিচার্জটি কার্যকর হবে।
নীতিমালা অনুযায়ী, অনলাইন পেমেন্ট গেটওয়ে ব্যবহারের জন্য গ্রাহককে অতিরিক্ত চার্জ দিতে হবে। অনলাইনে রিচার্জ করা টাকা সর্বোচ্চ তিন মাস ‘অপেক্ষমাণ’ অবস্থায় বৈধ থাকবে। নির্ধারিত সময়ের মধ্যে কার্ড স্পর্শ না করলে রিচার্জকৃত অর্থ স্বয়ংক্রিয়ভাবে গ্রাহকের অ্যাকাউন্টে ফেরত যাবে, তবে ১০ শতাংশ সার্ভিস চার্জ কেটে রাখা হবে।
গ্রাহক চাইলে সাত দিনের মধ্যে রিচার্জ ফেরত নেওয়ার আবেদনও করতে পারবেন- এ ক্ষেত্রেও ১০ শতাংশ ফি প্রযোজ্য।
২০২২ সালের ৮ ডিসেম্বর মেট্রোরেলের উত্তরা–আগারগাঁও অংশ উদ্বোধনের মধ্য দিয়ে দেশে প্রথমবারের মতো মেট্রোরেল সেবা চালু হয়। পরে ধাপে ধাপে মতিঝিল পর্যন্ত রুট জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়েছে। অনলাইন রিচার্জ ব্যবস্থা চালুর মাধ্যমে মেট্রোরেল সেবায় ডিজিটাল সুবিধার আরও একটি নতুন অধ্যায় যুক্ত হলো।