রাজধানী

রাজধানীর কড়াইল বস্তিতে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১৬ ইউনিট (ভিডিও)


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৫, ০৫:৪৩ পিএম

রাজধানীর কড়াইল বস্তিতে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১৬ ইউনিট (ভিডিও)
রাজধানীর কড়াইল বস্তিতে ভয়াবহ আগুন। ছবি: সংগৃহীত

রাজধানীর কড়াইল বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে লাগা আগুন মুহূর্তেই বস্তির ঘরগুলোর মধ্যে ছড়িয়ে পড়ে বড় ধরনের বিস্তারের আশঙ্কা তৈরি করে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৬টি ইউনিট কাজ করছে।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেল জানায়, বিকেল ৫টা ২২ মিনিটে আগুন লাগার খবর পেয়ে মোট ১১টি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়। তবে ঢাকার প্রচণ্ড যানজটের কারণে প্রথম ৩০ মিনিটের মধ্যে সব ইউনিট পৌঁছাতে পারেনি। পরে সন্ধ্যা ৬টা ৫ মিনিটে প্রথম ৭টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। সর্বশেষ তথ্যে নিশ্চিত করা হয়েছে, মোট ১৬টি ইউনিট আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছে।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ বলেন, “সংবাদ পাওয়ার পর আমরা দ্রুতই ইউনিট পাঠাই। কিন্তু তীব্র যানজটের কারণে তাৎক্ষণিকভাবে পৌঁছানো সম্ভব হয়নি।”

এদিকে, ঘটনাস্থলে উপস্থিত প্রত্যক্ষদর্শীরা জানান, ফায়ার সার্ভিস পৌঁছাতে বিলম্ব হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। টিনশেড ঘরগুলোর পরপর সারি হওয়ায় শিখা এক ঘর থেকে অন্য ঘরে দ্রুত লাফিয়ে যায়। আতঙ্কে বস্তির বাসিন্দারা যা পারে তাই নিয়ে ঘর ছেড়ে বের হতে দেখা গেছে।

এ ঘটনায় এখনো কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির মাত্রাও প্রাথমিকভাবে নিশ্চিত করা যায়নি।