রাজধানী

আগারগাঁও পাসপোর্ট অফিসের ভেতরে ককটেল বিস্ফোরণ


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২৫, ০৯:০০ এএম

আগারগাঁও পাসপোর্ট অফিসের ভেতরে ককটেল বিস্ফোরণ
ছবি: সংগৃহীত

রাজধানীর আগারগাঁওয়ে শেরেবাংলা নগর থানাধীন পাসপোর্ট অফিসের ভেতরে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কেউ আহত হয়নি।

শুক্রবার (১২ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে এ বিস্ফোরণ ঘটে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, একটি মোটরসাইকেলে করে আসা দুর্বৃত্তরা পাসপোর্ট অফিসের প্রধান ফটকের ভেতরে একটি ককটেল নিক্ষেপ করে বিস্ফোরণ ঘটায়। ঘটনার পরপরই তারা দ্রুত মোটরসাইকেল নিয়ে এলাকা ত্যাগ করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম জানান, প্রাথমিকভাবে কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি। তিনি বলেন, রাত সাড়ে ৯টার দিকে মোটরসাইকেলযোগে এসে দুর্বৃত্তরা বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। বিষয়টি পরে পুলিশের নজরে আসে।

ওসি আরও জানান, এ ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের জন্য আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে এবং তদন্তের মাধ্যমে দোষীদের আইনের আওতায় আনা হবে।