রাজধানী

শাহ আমানত বিমানবন্দরে ৩০ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২৫, ০২:৪৮ পিএম

শাহ আমানত বিমানবন্দরে ৩০ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ৩০ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ বিদেশি সিগারেট জব্দ করেছে কাস্টমস কর্তৃপক্ষ। সোমবার দিবাগত রাতে দুবাই ও শারজাহ থেকে আসা দুটি আন্তর্জাতিক ফ্লাইট থেকে এসব সিগারেট উদ্ধার করা হয়।

কাস্টমস সূত্র জানায়, সোমবার রাত ৮টার দিকে দুবাই থেকে আসা ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিএস-৩৪৪ নম্বর ফ্লাইটের চার যাত্রীর কাছ থেকে এবং রাত সাড়ে ৮টার দিকে শারজাহ থেকে আসা এয়ার আরাবিয়ার জি-৯৫২০ নম্বর ফ্লাইট থেকে মালিকবিহীন অবস্থায় এসব সিগারেট জব্দ করা হয়। অভিযানটি পরিচালনা করে কাস্টমসের অডিট, ইনভেস্টিগেশন অ্যান্ড রিচার্স (এআইআর) শাখার কর্মকর্তারা।

বিষয়টি নিশ্চিত করে কাস্টমসের ডেপুটি কমিশনার মো. তারেক মাহমুদ জানান, ইউএস-বাংলার ফ্লাইটে আসা চার যাত্রীর কাছ থেকে বিপুল পরিমাণ সিগারেট উদ্ধার করা হয়েছে। এর মধ্যে মিজানুর রহমানের কাছ থেকে ২৩০ কার্টন, মো. রেদোয়ানের কাছ থেকে ২৭০ কার্টন, রেজাউল করিমের কাছ থেকে ২৩৯ কার্টন এবং সালাউদ্দিনের কাছ থেকে ২৫০ কার্টন বিদেশি সিগারেট জব্দ করা হয়। এছাড়া শারজাহ থেকে আসা এয়ার আরাবিয়ার ফ্লাইট থেকে মালিকবিহীন অবস্থায় ৫২৫ কার্টন বিদেশি ‘মন্ড’ ব্র্যান্ডের সিগারেট উদ্ধার করা হয়েছে।

সবমিলিয়ে মোট ১ হাজার ৫১৪ কার্টনে ৩ লাখ ২ হাজার ৮০০ শলাকা বিদেশি সিগারেট জব্দ করা হয়েছে, যার বাজারমূল্য আনুমানিক ৩০ লাখ টাকা বলে জানিয়েছে কাস্টমস।

ডেপুটি কমিশনার মো. তারেক মাহমুদ বলেন, “আমদানি নীতি আদেশ ২০২২–২৫ অনুযায়ী সিগারেট একটি নিয়ন্ত্রিত পণ্য। এর প্যাকেটে সংবিধিবদ্ধ সতর্কীকরণ—‘ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর’ লেখা ও সংশ্লিষ্ট ক্ষতির ছবি থাকা বাধ্যতামূলক। জব্দকৃত সিগারেটের চালান আনার ক্ষেত্রে এসব শর্ত প্রতিপালন করা হয়নি।”

এ ঘটনায় কাস্টমস আইন অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।