রাজধানী

৫০ কোটি টাকা চাঁদাবাজির অভিযোগে আলোচিত ‘জুলাইযোদ্ধা’ সুরভী গ্রেপ্তার


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০২৫, ১০:৪৮ এএম

৫০ কোটি টাকা চাঁদাবাজির অভিযোগে আলোচিত ‘জুলাইযোদ্ধা’ সুরভী গ্রেপ্তার
ছবি: সংগৃহীত

ব্ল্যাকমেইল, মামলা বাণিজ্য ও প্রতারণার মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে আলোচিত ‘জুলাইযোদ্ধা’ তাহরিমা জান্নাত সুরভীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (২৪ ডিসেম্বর) মধ্যরাতে গাজীপুরের টঙ্গীতে নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, সম্প্রতি গুলশানের এক ব্যবসায়ীকে জুলাই আন্দোলন–সংক্রান্ত মামলায় জড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে প্রায় আড়াই কোটি টাকা আদায় করে একটি সংঘবদ্ধ প্রতারক চক্র। এই চক্রের মূল নেতৃত্বে ছিলেন সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হিসেবে পরিচিত তাহরিমা জান্নাত সুরভী।

তদন্তে উঠে এসেছে, ব্ল্যাকমেইলিং ও চাঁদাবাজির মাধ্যমে এই চক্রটি বিভিন্ন ভুক্তভোগীর কাছ থেকে ইতোমধ্যে প্রায় ৫০ কোটি টাকা হাতিয়ে নিয়েছে। মামলার অভিযোগ অনুযায়ী, গত বছরের জুলাই–আগস্ট আন্দোলনের সময় গুলশান ও বাড্ডা এলাকায় সংঘটিত কয়েকটি হত্যা মামলায় নাম জড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ধাপে ধাপে অর্থ আদায় করা হয়।

অভিযোগে বলা হয়, মামলার আসামি বানানো, পুলিশি হয়রানি, গ্রেপ্তারের হুমকি এবং পরে ‘মীমাংসা করে দেওয়ার’ আশ্বাস দিয়ে চক্রটি ভুক্তভোগীদের কাছ থেকে বিপুল অঙ্কের টাকা দাবি করত ও আদায় করত।

প্রতারণার অভিযোগে গ্রেপ্তার তাহরিমা জান্নাত সুরভী গাজীপুরের ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের শিক্ষার্থী। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল ভিডিও, বিতর্কিত কর্মকাণ্ড ও নির্দিষ্ট ব্যক্তিকে লক্ষ্য করে লাইভ প্রচারের মাধ্যমে তিনি পরিচিত মুখ হয়ে ওঠেন।

পুলিশ সূত্রে আরও জানা গেছে, নিজের এই ভাইরাল পরিচিতিকে কাজে লাগিয়ে তিনি প্রভাবশালী মহলের সঙ্গে যোগাযোগ তৈরি করতেন। পরে সেই পরিচিতি ও কথিত রাজনৈতিক প্রভাব দেখিয়ে ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে অর্থ আদায় করতেন বলে অভিযোগ রয়েছে।

এ ঘটনায় চক্রের অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।