রাজধানী
নিষেধাজ্ঞা অমান্য করে আতশবাজি, রাজধানীর মিরপুরে ভবনে আগুন
ডিএমপির স্পষ্ট নিষেধাজ্ঞা উপেক্ষা করে ফোটানো আতশবাজি থেকে রাজধানীর মিরপুরে একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (৩১ ডিসেম্বর) রাতে মিরপুর-৭ এলাকার ওই ভবনে আগুন লাগে।
ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে দেখা যায়, রাস্তার পাশের ভবনটির একটি অংশে আগুন জ্বলতে থাকে এবং আশপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
উল্লেখ্য, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বুধবার (৩১ ডিসেম্বর) থেকে শুক্রবার (২ জানুয়ারি) পর্যন্ত রাষ্ট্রীয়ভাবে শোক পালন করা হচ্ছে। এই উপলক্ষে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) মহানগর এলাকায় সব ধরনের আতশবাজি ও পটকা ফোটানো নিষিদ্ধ করে।
ডিএমপির বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ফানুস ও গ্যাস বেলুন ওড়ানো, উন্মুক্ত স্থানে সাংস্কৃতিক অনুষ্ঠান, ডিজে পার্টি, র্যালি কিংবা শোভাযাত্রা আয়োজনও নিষিদ্ধ থাকবে। একই সঙ্গে উচ্চ শব্দে গাড়ির হর্ন বাজানো বা জনদুর্ভোগ সৃষ্টি করে—এমন কর্মকাণ্ড থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়।
তবে এসব নির্দেশনা অমান্য করে খ্রিষ্টীয় নতুন বছর ২০২৬ উদযাপনের নামে রাজধানীর বিভিন্ন এলাকায় আতশবাজি ও পটকা ফোটানো হয়। রাত ১২টা বাজার আগেই একাধিক স্থানে আতশবাজির শব্দ শোনা যায় এবং ফানুস ওড়াতে দেখা যায়।
এই আগুনের ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ ও হতাহতের বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।