রাজধানী

শাহবাগে বাসার রুম থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৬, ১১:১৮ এএম

শাহবাগে বাসার রুম থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
ছবি: সংগৃহীত

রাজধানীর শাহবাগে একটি বাসা থেকে কমল (২৫) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (১৮ জানুয়ারি) রাতে শাহবাগের আনন্দবাজার এলাকার ৯/৫ সেক্রেটারিয়েট রোডের ওই বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহতের স্বজনদের বরাত দিয়ে জানা যায়, রোববার রাতে নিজ কক্ষে কমল গলায় ফাঁস দেন। বিষয়টি আঁচ করতে পেরে পরিবারের সদস্যরা তার রুমের দরজা ভেঙে ভেতরে ঢুকে ফ্যানের সঙ্গে রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় তাকে উদ্ধার করেন। পরে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে রাত পৌনে ১১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।

তবে কী কারণে বা কোন পরিস্থিতিতে কমল আত্মহত্যা করেছেন—সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য জানাতে পারেননি তার বাবা কামাল। পুলিশ জানিয়েছে, ঘটনার কারণ উদঘাটনে তদন্ত চলছে।