রাজধানী

আজ থেকে যেসব এলাকায় গ্যাসের স্বল্পচাপ থাকবে


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:০৯ এএম

আজ থেকে যেসব এলাকায় গ্যাসের স্বল্পচাপ থাকবে
ছবি: সংগৃহীত

ক্ষতিগ্রস্ত গ্যাস পাইপলাইন প্রতিস্থাপনের কারণে শীতলক্ষ্যা নদী ও আদমজী ইপিজেড–সংলগ্ন বিস্তীর্ণ এলাকায় আজ বৃহস্পতিবার রাত ১০টা থেকে শুক্রবার সন্ধ্যা ৭টা পর্যন্ত টানা ২১ ঘণ্টা গ্যাসের স্বল্পচাপ বিরাজ করবে। এ সময় কোথাও কোথাও গ্যাস সরবরাহ পুরোপুরি বন্ধও থাকতে পারে।

বুধবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। বিজ্ঞপ্তিতে বলা হয়, শীতলক্ষ্যা নদীর পশ্চিম পাড়সংলগ্ন একটি বড় অংশে এই গ্যাস সংকট দেখা দেবে।

গ্যাসের স্বল্পচাপে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়বে পুরো নারায়ণগঞ্জ শহর, পঞ্চবটি ও মুক্তারপুর এলাকা, মুন্সিগঞ্জ জেলা সদর, কেরানীগঞ্জের জিনজিরা এলাকা এবং শ্যামপুর (বিসিক) শিল্প এলাকা। এসব অঞ্চলের আবাসিক, বাণিজ্যিক ও শিল্প গ্রাহকরা নির্ধারিত সময়জুড়ে গ্যাসের চাপ কম পাওয়া কিংবা সরবরাহ বন্ধ থাকার সম্ভাবনার মুখে পড়বেন।

এ ছাড়া উল্লিখিত এলাকার আশপাশের অঞ্চলগুলোতেও গ্যাস সরবরাহে বিঘ্ন ঘটতে পারে। কোথাও গ্যাস পুরোপুরি বন্ধ থাকতে পারে, আবার কোথাও অত্যন্ত কম চাপের কারণে স্বাভাবিক ব্যবহার ব্যাহত হতে পারে বলে জানিয়েছে তিতাস কর্তৃপক্ষ।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, আদমজী ইপিজেড এলাকার ভেতরে অবস্থিত ২০ ইঞ্চি ব্যাসের একটি গুরুত্বপূর্ণ গ্যাস সঞ্চালন পাইপলাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় এটি প্রতিস্থাপন করা জরুরি হয়ে পড়েছে। গ্যাস সঞ্চালনব্যবস্থা নিরাপদ ও সচল রাখতেই এই কাজটি হাতে নেওয়া হয়েছে।

সাময়িক এই ভোগান্তির জন্য গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ এবং নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করে দ্রুত স্বাভাবিক সরবরাহ চালুর আশ্বাস দিয়েছে।