রাজধানী
সায়েদাবাদে মাদকবিরোধী অভিযানে ডিএনসির ইন্সপেক্টর গুলিবিদ্ধ
রাজধানীর সায়েদাবাদে মাদকবিরোধী অভিযানে সন্ত্রাসীদের গুলিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের (ডিএনসি) এক ইন্সপেক্টর গুলিবিদ্ধ হয়েছেন।
আহত ইন্সপেক্টরের নাম মো. সিদ্দিকুর রহমান (৩৮)। সোমবার (২ মার্চ) দুপুর ১২টার দিকে সায়েদাবাদের রেললাইনের পাশে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল-এর জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে। সেখানে তার চিকিৎসা চলছে।
ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর ঢাকা মেট্রো দক্ষিণ সার্কেলের উপ-পরিচালক রাজিউর রহমান।
তিনি জানান, সকালে ডিএনসির একটি দল সায়েদাবাদ রেললাইন এলাকায় অভিযান পরিচালনা করছিল। এ সময় তিনজন মাদক কারবারিকে শনাক্ত করা হয়। তাদের মধ্যে একজনকে আটক করতে গেলে তিনি পকেট থেকে পিস্তল বের করে চার রাউন্ড গুলি ছোড়েন। এতে ইন্সপেক্টর সিদ্দিকুর রহমানের বাম পায়ের হাঁটুর নিচে একটি গুলি লাগে। ঘটনার পর সন্ত্রাসীরা পালিয়ে যায়।
পরে আহত ইন্সপেক্টরকে দ্রুত ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। আইনশৃঙ্খলা বাহিনী হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে।