রাজধানী
ঈদযাত্রা সামনে রেখে বিমানবন্দর স্টেশনে থামবে না ৯ আন্তঃনগর ট্রেন
ঈদযাত্রা নির্বিঘ্ন করতে আজ থেকে ঈদের আগের দিন পর্যন্ত ঢাকার বিমানবন্দর রেলওয়ে স্টেশনে উত্তরবঙ্গগামী ৯টি আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতি বাতিল করেছে বাংলাদেশ রেলওয়ে। যাত্রীদের ভোগান্তি কমানো এবং ট্রেন চলাচলে শৃঙ্খলা বজায় রাখতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সম্প্রতি রাজধানীর রেল ভবনে আয়োজিত এক প্রস্তুতিমূলক সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়।
যেসব ট্রেনের যাত্রাবিরতি বাতিল করা হয়েছে সেগুলো হলো- একতা, দ্রুতযান, পঞ্চগড়, নীলসাগর, কুড়িগ্রাম, লালমনি, রংপুর, চিলাহাটি ও বুড়িমারী এক্সপ্রেস। একই সঙ্গে ঢাকা থেকে বিমানবন্দর এবং বিমানবন্দর থেকে ঢাকা স্টেশন পর্যন্ত কোনো আন্তঃনগর ট্রেনের টিকিট ইস্যু না করার সিদ্ধান্তও কার্যকর করা হয়েছে।
যাত্রীচাপ সামাল দিতে কিছু ট্রেনের প্রস্থানস্থলেও পরিবর্তন আনা হয়েছে। সুন্দরবন, মধুমতি, বেনাপোল ও জাহানাবাদ এক্সপ্রেসের পাশাপাশি রূপসী বাংলা ও নকশীকাঁথা কমিউটার ট্রেন ঢাকা রেলওয়ে স্টেশনের মূল প্ল্যাটফর্মের পরিবর্তে শহরতলি প্ল্যাটফর্ম থেকে যাত্রা শুরু করবে।
এ ছাড়া প্রশাসনিক কার্যক্রমে গতি আনতে এবং যাত্রীসেবা নিশ্চিত করতে ঈদের আগে ও পরে মোট ২০ দিন কোনো ট্রেনে বিশেষ সেলুনকার সংযোজন করা হবে না বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।
নিরাপত্তা জোরদার করতে ঢাকা, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী ও খুলনাসহ বড় স্টেশনগুলোতে জিআরপি, আরএনবি, বিজিবি, র্যাব ও স্থানীয় পুলিশের সমন্বয়ে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি চলন্ত ট্রেন ও রেললাইনে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।