রাজধানী
গুলশান ট্রাফিক বিভাগের আয়োজনে চালক ও হেলপারদের ফ্রি মেডিকেল সেবা কার্যক্রম
ঢাকার বিভিন্ন বাস টার্মিনাল এলাকায় চালক ও হেলপারদের জন্য ফ্রি মেডিকেল সেবা কার্যক্রম ও “পাক্ষিক হেলথ ক্যাম্প” আয়োজন করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।
আজ শনিবার (১৬ মে) সকাল থেকে মহাখালী, সায়েদাবাদ ও উত্তরা এলাকার বিভিন্ন পয়েন্টে এ কার্যক্রম শুরু হয়।
ট্রাফিক গুলশান বিভাগের উদ্যোগে মহাখালী আন্তঃজেলা বাস টার্মিনালের সামনে আয়োজিত হেলথ ক্যাম্পের উদ্বোধন করেন ডিএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) জনাব মোঃ আনিছুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন ট্রাফিক গুলশান বিভাগের ডিসি মোহাম্মাদ মাসুদ রানা, এডিসি মোঃ জিয়াউর রহমান, এডিসি পহন চাকমা, এসি মহাখালী মোঃ রাসেল রানাসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
ক্যাম্পে পরিবহন চালক ও সহকারীদের ব্লাড প্রেসার, ব্লাড সুগার, বেসিক আই টেস্টসহ বিভিন্ন প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা করা হয়। পাশাপাশি প্রয়োজনীয় চিকিৎসাপত্রও প্রদান করা হয়। সকাল ১০:৩০টা থেকে শুরু হওয়া এ কার্যক্রম বিকেল ৩টা পর্যন্ত চলবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। ইতোমধ্যে শতাধিক চালক ও সহকারী স্বাস্থ্যসেবা গ্রহণ করেছেন।
উদ্বোধনী বক্তব্যে অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মোঃ আনিছুর রহমান পরিবহন শ্রমিকদের দায়িত্ব ও গুরুত্ব তুলে ধরে তাদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।
একই দিনে সকাল ১০টায় সায়েদাবাদ বাস টার্মিনাল এলাকায়ও চালক ও হেলপারদের জন্য ফ্রি মেডিকেল সেবা কার্যক্রম শুরু হয়। সকাল থেকেই পরিবহন শ্রমিকরা চিকিৎসাসেবা গ্রহণের জন্য ক্যাম্পে ভিড় করেন।
অন্যদিকে উত্তরা পশ্চিম জোনের অধীন কামারপাড়া বাসস্ট্যান্ড এলাকায় উত্তরা ট্রাফিক বিভাগের উদ্যোগে এবং ওমেগা হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের সহযোগিতায় আরেকটি মেডিকেল ক্যাম্প আয়োজন করা হয়। উক্ত ক্যাম্প উদ্বোধন করেন উত্তরা ট্রাফিক বিভাগের ডিসি মোঃ আনোয়ার সাঈদ।
স্বাস্থ্যসেবা কার্যক্রমে অংশ নেন ওমেগা হাসপাতালের চিকিৎসক, নার্স, ফার্মাসিস্ট ও মেডিকেল টিমের সদস্যরা। সংশ্লিষ্টরা জানান, পরিবহন চালক ও হেলপাররা উৎসাহের সঙ্গে স্বাস্থ্যসেবা গ্রহণ করছেন। বিকাল ৩ ঘটিকা পর্যন্ত এ কার্যক্রম চলবে।