রাজধানী

ছেলে যুগ্ম সচিব ও বুয়েট শিক্ষক, ফাঁকা বাসায় এক সপ্তাহ পড়ে ছিল মায়ের মরদেহ


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০২ জুন ২০২৬, ০৮:৪৫ এএম

ছেলে যুগ্ম সচিব ও বুয়েট শিক্ষক, ফাঁকা বাসায় এক সপ্তাহ পড়ে ছিল মায়ের মরদেহ
ফাঁকা বাসায় এক সপ্তাহ পড়ে ছিল মায়ের মরদেহ। ছবি: সংগৃহীত

রাজধানীর মিরপুর-১১ এলাকায় একটি ফাঁকা বাসা থেকে ৭৫ বছর বয়সী নুরজাহান বেগমের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। কয়েকদিন ধরে বাসাটি বন্ধ থাকায় এবং ভেতর থেকে তীব্র দুর্গন্ধ বের হওয়ায় স্থানীয়দের সন্দেহের সৃষ্টি হয়। পরে জাতীয় জরুরি সেবায় খবর দিলে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে পুলিশ।

পুলিশ জানিয়েছে, মরদেহটি দীর্ঘ সময় ধরে বাসার ভেতরে পড়ে থাকায় পচন ধরেছিল এবং তাতে পোকাও জন্মেছিল। তবে ঠিক কবে এবং কী কারণে তার মৃত্যু হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। মৃত্যুর প্রকৃত কারণ জানতে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, বাসাটি ছিল অত্যন্ত অপরিচ্ছন্ন ও অগোছালো। প্রায় পরিত্যক্ত অবস্থায় থাকা ওই বাসা থেকে কয়েকদিন ধরে দুর্গন্ধ বের হতে থাকলে বিষয়টি সবার নজরে আসে।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হাসান বাসির জানান, নুরজাহান বেগম তার মেয়ের মালিকানাধীন ওই বাসায় একাই বসবাস করতেন। বাসার পরিবেশও ছিল অত্যন্ত অস্বাস্থ্যকর।

তিনি আরও জানান, নুরজাহান বেগমের এক ছেলে সরকারের একজন যুগ্ম সচিব এবং অপর ছেলে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। এছাড়া তার মেয়ের স্বামীও একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে কর্মরত রয়েছেন।

পুলিশ ইতোমধ্যে পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করেছে। এ ঘটনায় মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।