রাজধানী

মোহাম্মদপুরে রাতের আঁধারে পার্কিং করা বাসে আগুন


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১০ এএম

মোহাম্মদপুরে রাতের আঁধারে পার্কিং করা বাসে আগুন
ছবি: সংগৃহীত

রাজধানীর মোহাম্মদপুরের বসিলা রোডে পার্কিং করে রাখা মিডলাইন পরিবহনের একটি বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে প্রাথমিকভাবে বাসটির ইঞ্জিনের যান্ত্রিক ত্রুটি থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

মঙ্গলবার দিবাগত রাত পৌনে ১২টার দিকে বসিলা রোডের জল তরঙ্গ সুইমিং পুলের গেটের সামনে এ ঘটনা ঘটে।

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবদুল হালিম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, রাত পৌনে ১২টার দিকে জল তরঙ্গ সুইমিং পুলের সামনে পার্কিং করে রাখা মিডলাইনের একটি বাসে হঠাৎ আগুন লাগে। বাসটির নম্বর ঢাকা মেট্রো ব ১১ ৯৪২১। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

পুলিশের এই কর্মকর্তা আরও জানান, মিডলাইন বাস কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে জানা গেছে, দিনের বেলায় বাসটির মেরামতের কাজ করা হয়েছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, যান্ত্রিক ত্রুটির কারণে বাসটিতে আগুন লাগতে পারে।

তবে আগুন লাগার পেছনে অন্য কোনো ঘটনা রয়েছে কি না, সেটিও খতিয়ে দেখছে পুলিশ। এ ঘটনায় আশপাশের এলাকার সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহের কাজ চলছে।