রাজধানী

রাজধানীর প্রবেশপথে চেকপোস্ট, সন্দেহজনক যানবাহনে তল্লাশি


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১১ পিএম

রাজধানীর প্রবেশপথে চেকপোস্ট, সন্দেহজনক যানবাহনে তল্লাশি
ছবি: সংগৃহীত

রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ নিরাপত্তাব্যবস্থা জোরদার করেছে ঢাকা মহানগর পুলিশ। রাজধানীর বিভিন্ন প্রবেশপথ, গুরুত্বপূর্ণ মোড় ও উড়ালসড়কে চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশি চালানো হচ্ছে। একই সঙ্গে নগরজুড়ে পুলিশের টহলও বাড়ানো হয়েছে।

শনিবার ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাজধানীর প্রধান সড়ক ও গুরুত্বপূর্ণ স্থানগুলোতে কঠোর নজরদারি চালানো হচ্ছে। মোটরসাইকেলসহ সন্দেহজনক যানবাহনে নিবিড় তল্লাশি করা হচ্ছে। যেকোনো ধরনের বিশৃঙ্খলা ও অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে নগরজুড়ে বিশেষ অভিযানও চলছে।

এ ছাড়া গুরুত্বপূর্ণ স্থানগুলোতে চেকপোস্ট ও পাহারা জোরদার করা হয়েছে। পাশাপাশি থানা পুলিশের গাড়ি টহল, পায়ে হেঁটে টহল এবং মোটরসাইকেল টহলের সংখ্যা বাড়ানো হয়েছে।

বড় ধরনের অপরাধ ও নাশকতা প্রতিরোধে মাঠে রয়েছে গোয়েন্দা পুলিশ, কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম এবং সশস্ত্র পুলিশ ব্যাটালিয়নের সদস্যরা।

ঢাকা মহানগর পুলিশ জানিয়েছে, নগরীর সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের সব বিভাগ সার্বক্ষণিক সতর্ক অবস্থানে রয়েছে। এ কাজে নগরবাসীর সর্বাত্মক সহযোগিতাও কামনা করেছে সংস্থাটি।