রাজধানী
গাড়িচাপায় মৃত্যু: সেই কিশোরের জামিনের পক্ষে দাঁড়ালো নিহতের পরিবার
রাজধানীর বারিধারায় গাড়িচাপায় নির্মাণশ্রমিক মেহেদী হাসান মিম নিহতের ঘটনায় গ্রেপ্তার ১৭ বছর বয়সী কিশোর আযান আলী শরীফের জামিন শুনানি হয়েছে। শুনানিতে নিহত মেহেদীর পরিবারের সদস্যরা কিশোরের জামিনের পক্ষে অবস্থান নিয়ে আদালতে উপস্থিত ছিলেন।
রোববার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ৮ এর বিচারক মো. আব্দুল মোক্তাদির শুনানি শেষে অধিকতর জামিন শুনানির জন্য আগামী ৪ অক্টোবর দিন ধার্য করেন।
শুনানিতে কিশোরের পক্ষে ঢাকা বারের সাবেক সভাপতি মো. গোলাম মোস্তফা খান, আইনজীবী আলমগীর হোসেনসহ কয়েকজন আইনজীবী জামিনের আবেদন করেন। তারা আদালতকে জানান, মামলার বাদীপক্ষের সঙ্গে আদালতের বাইরে সমঝোতা হয়েছে। পাশাপাশি কিশোরের নাম মামলার এজাহারে নেই বলেও দাবি করেন তারা।
আইনজীবীরা জানান, নিহতের পরিবারকে ৯ লাখ টাকা দেওয়া হয়েছে। তাদের দাবি, কিশোর শারীরিকভাবে অসুস্থ ছিল এবং গাড়ি চালানোর সময় সে হর্ন দিয়েছিল। তবে নিহত মেহেদী সেই হর্ন শুনতে পাননি। কিশোরের বয়স বিবেচনায় নিয়ে তার জামিনের আবেদন করেন আইনজীবীরা।
জবাবে বিচারক বলেন, মামলাটি নিয়ে ব্যাপক গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়েছে। মামলায় যে ধারায় অভিযোগ আনা হয়েছে, তা জামিনযোগ্য বা আপসযোগ্য নয়। আইন অনুযায়ী এটি জামিন অযোগ্য মামলা।
এ সময় আইনজীবীরা আবারও কিশোরের বয়স বিবেচনায় জামিন দেওয়ার অনুরোধ করেন। তারা জানান, নিহতের পরিবারের সঙ্গে আপস মীমাংসা হয়েছে এবং পরিবারের সদস্যরা আদালতে উপস্থিত রয়েছেন। জামিন হলে তাদের কোনো আপত্তি নেই।
পরে বিচারক নিহত মেহেদীর পরিবারের সদস্যদের উপস্থিতি সম্পর্কে জানতে চাইলে তার বড় ভাই, বাবা ও মামা আদালতে উপস্থিত হয়ে কাঠগড়ার সামনে দাঁড়ান।
বিচারক বলেন, ঘটনাটি গুরুতর এবং মামলাটি নিয়ে সমাজের মানুষের দৃষ্টি রয়েছে। মামলায় মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডের বিধান না থাকলেও সর্বোচ্চ ১০ বছর পর্যন্ত কারাদণ্ড ও অর্থদণ্ডের বিধান রয়েছে। মামলাটি নিয়ে ব্যাপক গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হওয়ায় আদালতকে সব দিক বিবেচনা করতে হচ্ছে।
পরে আইনজীবীরা অধিকতর জামিন শুনানির জন্য সময় চান। শুনানি শেষে আদালত আগামী ৪ অক্টোবর পরবর্তী জামিন শুনানির দিন ধার্য করেন।
এর আগে ২৩ সেপ্টেম্বর গুলশান ১২ নম্বর সড়কের একটি বাসা থেকে কিশোরকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন তাকে শিশু কিশোর সংশোধনাগারে পাঠানোর আদেশ দেন একই ট্রাইব্যুনাল।
গত ২২ সেপ্টেম্বর বিকেল ৫টার দিকে গুলশান থানার বারিধারা কূটনৈতিক এলাকার ১ নম্বর সড়কে গাড়িচাপায় মেহেদী হাসান মিম নিহত হন।