অপরাধ

নবাবগঞ্জে ৭ বছরের শিশুকে হত্যা


নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:২২ পিএম

নবাবগঞ্জে ৭ বছরের শিশুকে হত্যা
ছবি: ঢাকাপ্রকাশ

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় আফতাব গঞ্জ এলাকায় নৃশংসভাবে এক শিশুকে হত্যা করা হয়েছে।

নিহত শিশুটির নাম সিরাজুল আল সামস (৭)। সে নবাবগঞ্জ উপজেলার ডাঙ্গাপাড়া গ্রামের মমিনুল ইসলামের পুত্র এবং আফতাবগঞ্জ চাইল্ড কেয়ার স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্র।

শুক্রবার(২৭ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ডাঙ্গাপাড়া মাদ্রাসা সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, শুক্রবার বিকেলে শিশুটি খেলতে বের হয়। সন্ধ্যার গড়িয়ে গেলেও শিশুটি আর বাড়ি ফিরে আসেনি। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজির পর সন্ধ্যা আনুমানিক সাড়ে ৮টার দিকে ডাঙ্গাপাড়া মাদ্রাসা সংলগ্ন একটি ভুট্টা ক্ষেতের পাশে শিশুটিকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে শিশুটির মরদেহ উদ্ধার করে। তার সারা শরীরে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।

গুরুতর আহত অবস্থায় শিশুটিকে দ্রুত পার্শ্ববর্তী ফুলবাড়ী থানা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. আব্দুল্লাহ আল রুম্মান তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিন্টু দে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছায়। নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
তিনি আরোও বলেন, শিশুটির হাত-পায়ের রগসহ শ্বাসনালি ধারালো অস্ত্র দিয়ে কাটার হয়েছে বলে ধারণা করা হচ্ছে। থানায় হত্যা মামলার প্রস্তুতিসহ হত্যার সঠিক কারণ জানতে তদন্ত চলছে।