অর্থনীতি
সোনার দামে এবার আরও বড় লাফ, ভরিতে বাড়ল ৪ হাজারের বেশি
দেশের বাজারে আবারও সোনার দাম বেড়েছে। মাত্র একদিনের ব্যবধানে নতুন করে মূল্য বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি।
সমিতির নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরি সোনার দাম ৪ হাজার ৩৭৪ টাকা বৃদ্ধি পেয়ে ২২ ক্যারেটের প্রতি ভরির মূল্য দাঁড়িয়েছে ২ লাখ ২৮ হাজার ৫৫৬ টাকা, যার মধ্যে মূল্য সংযোজন কর অন্তর্ভুক্ত রয়েছে। শুক্রবার সকালে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সকাল ১০টা থেকেই এই নতুন দর কার্যকর হয়েছে।
সমিতির পক্ষ থেকে বলা হয়েছে, স্থানীয় বাজারে খাঁটি সোনার দাম বৃদ্ধি পাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় এই নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।
নতুন দর অনুযায়ী, ২১ ক্যারেট সোনার প্রতি ভরি বিক্রি হবে ২ লাখ ১৮ হাজার ২৯২ টাকায়। এছাড়া ১৮ ক্যারেটের প্রতি ভরির দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৮৭ হাজার ৪৪০ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার প্রতি ভরির দাম রাখা হয়েছে ১ লাখ ৫৩ হাজার ১৪৮ টাকা।
সমিতি জানিয়েছে, পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত দেশের সব স্বর্ণালংকার বিক্রয় প্রতিষ্ঠানে এই দর কার্যকর থাকবে। তবে অলংকারের নকশা অনুযায়ী মজুরি আলাদাভাবে নির্ধারিত হবে। পাশাপাশি স্বর্ণ ও রৌপ্য অলংকারের মূল্যের সঙ্গে মূল্য সংযোজন কর অন্তর্ভুক্ত থাকায় ক্রেতাদের কাছ থেকে আলাদাভাবে তা আদায় করা যাবে না।
এর আগে ২ জুলাই ২২ ক্যারেট সোনার প্রতি ভরির দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। একদিনের ব্যবধানে আবারও দাম বাড়ানো হলো।
চলতি বছরে এখন পর্যন্ত সোনার দাম ৮৬ দফা সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৪৩ দফা দাম বেড়েছে, ৪২ দফা কমেছে এবং এক দফা মূল্য সংযোজন কর সমন্বয় করা হয়েছে। এর আগে ২০২৫ সালে মোট ৯৩ দফা সোনার দাম সমন্বয় করা হয়েছিল।
সোনার পাশাপাশি রুপার দামও বেড়েছে। প্রতি ভরিতে ১১৭ টাকা বৃদ্ধি পেয়ে ২২ ক্যারেট রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৪ হাজার ৮৯৯ টাকা। এছাড়া ২১ ক্যারেট রুপার প্রতি ভরির দাম ৪ হাজার ৬৬৬ টাকা, ১৮ ক্যারেট ৪ হাজার ২৪ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার প্রতি ভরির দাম ৩ হাজার ৩৩ টাকা নির্ধারণ করা হয়েছে।
চলতি বছরে এখন পর্যন্ত রুপার দাম ৫৩ দফা সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ২৭ দফা বেড়েছে এবং ২৬ দফা কমেছে।