অর্থনীতি

মঙ্গলবার থেকে বাজারে আসছে নতুন ডিজাইনের ১০ টাকার নোট


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৩২ পিএম

মঙ্গলবার থেকে বাজারে আসছে নতুন ডিজাইনের ১০ টাকার নোট
ছবি: সংগৃহীত

বাংলাদেশ ব্যাংক নতুন ডিজাইন ও সিরিজের ১০ টাকা মূল্যমানের ব্যাংক নোট বাজারে ছাড়ছে। আগামী মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) থেকে প্রথমবারের মতো গভর্নর ড. আহসান এইচ মনসুরের স্বাক্ষরিত এই নোট প্রচলনে আসবে।

সোমবার (২ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের যোগাযোগ ও প্রকাশনা বিভাগ (ডিসিপি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বাংলাদেশের ঐতিহাসিক এবং প্রত্নতাত্ত্বিক স্থাপনা’ শীর্ষক নতুন ডিজাইন সিরিজের আওতায় সব মূল্যমানের নোট মুদ্রণের উদ্যোগ নেওয়া হয়েছে। এরই মধ্যে ১০০০, ৫০০, ১০০, ৫০ ও ২০ টাকার নোট বাজারে ছাড়া হয়েছে।

এই ধারাবাহিকতায় গভর্নর ড. আহসান হাবিব মনসুরের স্বাক্ষরিত ১০ টাকা মূল্যমানের নোটটি ৩ ফেব্রুয়ারি থেকে প্রাথমিকভাবে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে ইস্যু করা হবে। পরে বাংলাদেশ ব্যাংকের অন্যান্য শাখা অফিস থেকেও নোটটি বিতরণ করা হবে।

নতুন ১০ টাকার নোটের নকশা ও নিরাপত্তা বৈশিষ্ট্য

নতুন ১০ টাকার নোটটির আকার ১২৩ মিলিমিটার × ৬০ মিলিমিটার। নোটের সম্মুখভাগের বাম পাশে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের ছবি রয়েছে। মাঝখানে ব্যাকগ্রাউন্ড হিসেবে পাতা ও কলিসহ প্রস্ফুটিত জাতীয় ফুল শাপলার চিত্র সংযোজন করা হয়েছে। নোটের পেছনভাগে রয়েছে গ্রাফিতি-২০২৪ এর ছবি। নোটটিতে গোলাপি রঙের আধিক্য দেখা যাবে।

নোটে জলছাপ হিসেবে ‘রয়েল বেঙ্গল টাইগারের মুখ’, এর নিচে উজ্জ্বল ইলেকট্রোটাইপ জলছাপে ‘১০’ এবং বাংলাদেশ ব্যাংকের মনোগ্রাম সংযুক্ত করা হয়েছে। সম্মুখভাগের বাম পাশে ২ মিলিমিটার চওড়া নিরাপত্তা সুতা সংযোজন করা হয়েছে, যেখানে ‘৳১০ দশ টাকা’ লেখা রয়েছে। আলোর বিপরীতে ধরলে এটি দৃশ্যমান হবে এবং নোট নাড়াচাড়া করলে সুতার রঙ লাল থেকে সবুজে পরিবর্তিত হবে।

এছাড়া গভর্নরের স্বাক্ষরের ডান পাশে See-Through image হিসেবে একটি প্যাটার্ন রয়েছে, যা আলোতে ধরলে ‘১০’ লেখা স্পষ্ট হবে। নোটের সম্মুখভাগে ‘বাংলাদেশ ব্যাংক’ লেখার নিচে এবং পেছনভাগের গ্রিডিশ প্যাটার্নের বাইরে Microprint হিসেবে ‘BANGLADESH BANK’ লেখা মুদ্রিত রয়েছে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, নতুন নোটের পাশাপাশি বর্তমানে প্রচলিত সব কাগজের নোট ও ধাতব মুদ্রা আগের মতোই বৈধ থাকবে।