অর্থনীতি

বেনাপোল বন্দর দিয়ে ১,২৫৯ মেট্রিক টন চাল আমদানি


নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ২১ এপ্রিল ২০২৬, ০৯:৩৩ পিএম

বেনাপোল বন্দর দিয়ে ১,২৫৯ মেট্রিক টন চাল আমদানি
ছবি: ঢাকাপ্রকাশ

চাল আমদানির সরকার ঘোষিত বর্ধিত সময় শেষ হয়েছে। দেশের সবচেয়ে বড় স্থলবন্দর বেনাপোল দিয়ে সরকার ঘোষিত মেয়াদে বর্ধিত ৪০ দিনের মধ্যে মাত্র তিন দিনে ৬টি চালানে ১,২৫৯ মেট্রিক টন (নন-বাসমতি) মোটা চাল আমদানি করা হয়েছে। আমদানি করা চালের এসব চালান বেনাপোল বন্দরের ৩১ নম্বর ট্রান্সশিপমেন্ট ইয়ার্ডে প্রবেশ করে।

গত ১১ মার্চ থেকে সোমবার (২০ এপ্রিল) পর্যন্ত ৪০ দিনের মধ্যে মাত্র ৩ কার্যদিবসে এসব চাল ভারতের পেট্রাপোল বন্দর হয়ে বেনাপোল বন্দরে প্রবেশ করে। ৬টি চালানের মাধ্যমে মোট ১,২৫৯ মেট্রিক টন চাল আমদানি হয়েছে। তথ্যটি নিশ্চিত করেছেন বেনাপোল বন্দরের পরিচালক শামীম হোসেন।

এসব চালের আমদানিকারক প্রতিষ্ঠান মেসার্স লিটন এন্টারপ্রাইজ এবং লাইবা ওভারসিজ। আমদানি করা চাল বন্দর থেকে ছাড়করণের কাজ করেছে মেসার্স রাতুল ইন্টারন্যাশনাল।

বন্দর সূত্রে জানা যায়, সরকার নির্ধারিত চাল আমদানির পরিমাণ কমে যাওয়া এবং দেশের বাজারে মূল্য বৃদ্ধির কারণে সরকার পুনরায় চাল আমদানির সময় বৃদ্ধি করে। গত ১১ মার্চ থেকে ২০ এপ্রিল পর্যন্ত অর্থাৎ ৪০ দিন মেয়াদ বাড়ানো হয়। এর মধ্যে মাত্র ৩ দিনে ৬টি চালানের মাধ্যমে ১,২৫৯ মেট্রিক টন চাল আমদানি হয়েছে।

এর আগে চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ—এই তিন মাসে বেনাপোল বন্দর দিয়ে চাল আমদানি হয়েছিল ৫,০০৫ মেট্রিক টন। ওই সময় ১৮ জানুয়ারি ২৩২টি আমদানিকারক প্রতিষ্ঠানকে ২ লাখ মেট্রিক টন চাল আমদানির অনুমতি দেয় সরকার। যার সময়সীমা নির্ধারণ করা হয়েছিল ১০ মার্চ পর্যন্ত। নির্ধারিত সময়ের মধ্যে চাল আমদানি প্রত্যাশিত না হওয়ায় পুনরায় ১১ মার্চ থেকে ২০ এপ্রিল পর্যন্ত ৪০ দিন সময় বাড়ানো হয়। তবে এবারও চাল আমদানিতে আশানুরূপ সাড়া মেলেনি। নির্ধারিত সময়সীমা গত সোমবার শেষ হয়েছে। সরকারের পক্ষ থেকে নতুন করে আর কোনো সময় বৃদ্ধি সংক্রান্ত পরিপত্র জারি করা হয়নি।

যশোরের নওয়াপাড়ার আমদানিকারক প্রতিষ্ঠান মেসার্স লিটন এন্টারপ্রাইজের মালিক লিটন হোসেন জানান, বর্ধিত ৪০ দিনের মধ্যে মাত্র তিন দিনে ভারত থেকে ৩৪ ট্রাকে প্রায় ১,২৫৯ মেট্রিক টন মোটা চাল আমদানি করা হয়েছে। আমদানিকৃত চালের প্রতি কেজি বেনাপোল বন্দর পর্যন্ত খরচ পড়েছে ৫০ টাকা। খোলা বাজারে এই চাল প্রতি কেজি ৫১ টাকায় বিক্রি হবে বলে জানান তিনি।

বন্দর পরিচালক শামীম হোসেন জানান, বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে ৪০ দিনে দুটি আমদানিকারক প্রতিষ্ঠান ৬টি চালানে প্রায় ১,২৫৯ মেট্রিক টন (নন-বাসমতি) মোটা চাল আমদানি করেছে। আমদানি করা চালের চালানগুলো ইতোমধ্যে বন্দর থেকে খালাস নেওয়া হয়েছে।