অর্থনীতি
শেয়ার বাজার থেকে ১৫ বছরে লুট হয় ১ লাখ কোটি টাকা: রুমিন ফারহানা
জাতীয় সংসদে পুঁজিবাজারে বড় ধরনের অনিয়মের অভিযোগ তুলে তীব্র সমালোচনা করেছেন সংসদ সদস্য রুমিন ফারহানা। তিনি দাবি করেন, গত ১৫ বছরে দেশের শেয়ারবাজার থেকে এক লাখ কোটি টাকারও বেশি অর্থ লুট হয়েছে, যা মূলত সাধারণ বিনিয়োগকারীদের সঞ্চয়।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সংসদের অধিবেশনে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (সংশোধন) বিল নিয়ে আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
রুমিন ফারহানা বলেন, দেশের পুঁজিবাজারে অতীতে একাধিকবার বড় ধস নেমেছে, বিশেষ করে ১৯৯৬ ও ২০১০ সালে। এতে ক্ষুদ্র বিনিয়োগকারীরা ব্যাপক ক্ষতির মুখে পড়েন। তার অভিযোগ, এসব অনিয়মের সঙ্গে জড়িত প্রভাবশালী গোষ্ঠীগুলো এখনো বিচারের বাইরে রয়ে গেছে।
তিনি আরও বলেন, বর্তমান পরিস্থিতিতে পুঁজিবাজারে আস্থার সংকট রয়েছে। এ অবস্থায় নিয়ন্ত্রক সংস্থা বিএসইসিতে দক্ষ ও যোগ্য ব্যক্তিদের নিয়োগ দিয়ে বাজারে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার ওপর জোর দেন তিনি।
একই আলোচনায় অংশ নিয়ে সংসদ সদস্য শাহজাহান চৌধুরী ২০১০ সালের শেয়ারবাজার কেলেঙ্কারির প্রসঙ্গ তুলে বলেন, ওই সময় বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচার হয়েছে। প্রস্তাবিত আইনে শাস্তির পরিমাণ কম হওয়ায় তিনি আপত্তি জানান এবং বিলটি আরও পর্যালোচনার জন্য পাঠানোর প্রস্তাব দেন।
তবে লিখিত প্রস্তাব না থাকায় তা গ্রহণ করা হয়নি বলে জানান ডেপুটি স্পিকার।
বক্তব্যের জবাবে অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, অতীতে পুঁজিবাজারে যে অনিয়ম হয়েছে তা অত্যন্ত দুঃখজনক। এসব সমস্যা সমাধানে কমিশনকে পুনর্গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে এবং বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনতে সরকার কাজ করছে।
আলোচনা শেষে কণ্ঠভোটে বিলটি পাস হয়।