অর্থনীতি

আসন্ন ঈদ উপলক্ষ্যে অতিরিক্ত ৭২০ ট্রাকে স্বল্প দামে পণ্য বিক্রি করবে টিসিবি 


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১০ মে ২০২৬, ০৫:৫৩ পিএম

আসন্ন ঈদ উপলক্ষ্যে অতিরিক্ত ৭২০ ট্রাকে স্বল্প দামে পণ্য বিক্রি করবে টিসিবি 
ছবিঃ সংগৃহিত

পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে কার্ডধারী পরিবারগুলোর পাশাপাশি সরাদেশে আরো ৭২০টি ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে সাধারণ মানুষের জন্য স্বল্প দামে পণ্য বিক্রির উদ্যোগ নিয়েছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)।  

আজ রবিবার (১০ মে) টিসিবির উপপরিচালক (বাণিজ্যিক) মো. শাহাদাত হোসেন স্বাক্ষরিত এক আদেশে এতথ্য জানানো হয়েছে।  

এতে জানানো হয়, সারাদেশে ৭২০টি ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ১১-২১ মে পর্যন্ত ১০ দিন (শুক্রবার ব্যতীত) দৈনিক ট্রাক প্রতি ৪০০ জন সাধারণ জনগণের কাছে সাশ্রয়ী মূল্যে টিসিবির পণ্য (ভোজ্যতেল, চিনি ও মসুর ডাল) বিক্রয়ের কার্যক্রম নেওয়া হয়েছে। ট্রাকসেলের মাধ্যমে প্রায় ২৮.৮০ লাখ উপকারভোগীর কাছে প্রায় ১৩ হাজার ৯৩৯ টন পণ্য বিক্রয় করা হবে। যেকোনো ভোক্তা ট্রাক থেকে পণ্য ক্রয় করতে পারবেন।

আদেশে আরো বলা হয়েছে, সরকারি নির্দেশনায় টিসিবির কার্ডধারী নিম্নআয়ের পরিবারের মধ্যে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রম চলমান রয়েছে।

পাশাপাশি পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে প্রতিদিন ঢাকা মহানগরীতে ৫০টি (ঢাকা জেলাসহ), চট্টগ্রাম মহানগরীতে ২০টি (চট্টগ্রাম জেলাসহ), অন্য ৬টি বিভাগীয় শহর এবং সংশ্লিষ্ট জেলায় প্রতিটিতে ১৫টি করে এবং অবশিষ্ট ৫৬ জেলায় ১০টি করে ট্রাকে পণ্য বিক্রি করা হবে। 

ভোক্তা প্রতি সর্বোচ্চ বিক্রয় (পরিমাণ) ভোজ্যতেল ২ লিটার প্রতি লিটার ১৩০ টাকা, চিনি ১ কেজি ৮০ টাকা, মসুর ডাল ২ কেজি প্রতি কেজি ৭০ টাকায় বিক্রি করা হবে।