অর্থনীতি

২১১২ কোটি টাকা ব্যয়ে আরও ৩ কার্গো তরলীকৃত এলএনজি কিনছে সরকার  


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৮ জুন ২০২৬, ০৯:৪৫ এএম

২১১২ কোটি টাকা ব্যয়ে আরও ৩ কার্গো তরলীকৃত এলএনজি কিনছে সরকার  
ছবিঃ সংগৃহীত

দেশের জ্বালানি সরবরাহ নির্বিঘ্ন রাখতে আন্তর্জাতিক স্পট মার্কেট থেকে আরও তিন কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার।

বুধবার (১৭ জুন) সচিবালয়ে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির ২৭তম সভায় এ সংক্রান্ত প্রস্তাবের আংশিক অনুমোদন দেওয়া হয়েছে বলে অর্থ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

আন্তর্জাতিক কোটেশনের মাধ্যমে আমদানি করা এই তিন কার্গো এলএনজির জন্য সরকারের ব্যয় হবে ২ হাজার ১১২ কোটি টাকা, যা চলতি ও গত মাসে কেনা সমপরিমাণ এলএনজি আমদানির খরচের তুলনায় কিছুটা কম।

তবে ‘আংশিক অনুমোদন’ বলতে ঠিক কোন অংশ অনুমোদিত হয়েছে, সে বিষয়ে বিজ্ঞপ্তিতে বিস্তারিত ব্যাখ্যা দেওয়া হয়নি। সভায় সভাপতিত্ব করেন অর্থ উপদেষ্টা আমির খসরু মাহমুদ চৌধুরী।

অনুমোদিত প্রস্তাব অনুযায়ী, সিঙ্গাপুরভিত্তিক ভাইটল এশিয়া এবং অ্যারামকো ট্রেডিং সিঙ্গাপুর পৃথকভাবে দুটি কার্গো এলএনজি সরবরাহ করবে। অপর একটি কার্গো সরবরাহ করবে যুক্তরাজ্যভিত্তিক টোটালএনার্জিস গ্যাস অ্যান্ড পাওয়ার লিমিটেড।

এর আগে ৩ জুন অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত কমিটির সভায় বিপি সিঙ্গাপুর থেকে এক কার্গো এবং টোটালএনার্জিস গ্যাস অ্যান্ড পাওয়ার থেকে দুই কার্গো এলএনজি কেনার অনুমোদন দেওয়া হয়েছিল। ওই তিন কার্গো আমদানিতে ব্যয় ধরা হয়েছিল প্রায় ২ হাজার ৩৭২ কোটি টাকা।