শিক্ষা
সব শিক্ষাপ্রতিষ্ঠানে মাউশির নতুন নির্দেশনা
জুলাই গণ-অভ্যুত্থান বর্ষপূর্তি উপলক্ষে ‘২৪-এর রঙে গ্রাফিতি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা’ বাস্তবায়ন ও মূল্যায়নের জন্য দেশের সব মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।
প্রতিযোগিতাটি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে মহানগর, জেলা, উপজেলা ও বিভাগীয় পর্যায়ে সাত সদস্যবিশিষ্ট কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে।
রবিবার (১৩ জুলাই) মাউশির পাঠানো এক চিঠিতে এসব নির্দেশনার কথা জানানো হয়। চিঠিটি সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানদের কাছে পৌঁছে দেওয়া হয়েছে।
চিঠিতে বলা হয়, আগামি আগস্টের শুরুতেই এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এতে দেশের সব মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরের শিক্ষার্থীরা অংশ নিতে পারবে। জাতীয় পর্যায়ে বিজয়ী একটি মাধ্যমিক ও একটি উচ্চমাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানকে পুরস্কার হিসেবে ৫ লাখ টাকা করে প্রদান করা হবে।
প্রতিযোগিতা উপজেলা ও মহানগর পর্যায়ে ১৫ থেকে ১৭ জুলাইয়ের মধ্যে সম্পন্ন করে বিজয়ী তিনটি প্রতিষ্ঠানের নাম জেলা কমিটিতে পাঠাতে হবে। জেলা পর্যায়ের কমিটি ১৯ থেকে ২০ জুলাইয়ের মধ্যে প্রতিযোগিতা সম্পন্ন করে নির্বাচিত তিন প্রতিষ্ঠানের নাম বিভাগীয় কমিটির কাছে পাঠাবে। এরপর বিভাগীয় কমিটি ২২ থেকে ২৩ জুলাইয়ের মধ্যে প্রতিযোগিতা শেষে চূড়ান্ত তিন প্রতিষ্ঠানের নাম কেন্দ্রীয় কমিটিতে পাঠাবে।
প্রতিযোগিতার ফলাফল প্রকাশের পর তা ওয়েবসাইটে (www.julyforever.gov.bd) প্রকাশ করা হবে। প্রতিযোগিতাকে আরও উৎসাহব্যঞ্জক ও সৃজনশীল করতে পুরস্কারের ব্যবস্থা করেছে সরকার।
উপজেলা বা থানা পর্যায়ে প্রথম পুরস্কার ৭ হাজার, দ্বিতীয় পুরস্কার ৫ হাজার এবং তৃতীয় পুরস্কার ৩ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। জেলা পর্যায়ে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার যথাক্রমে ১০ হাজার, ৭ হাজার ও ৫ হাজার টাকা। বিভাগীয় পর্যায়ে প্রথম পুরস্কার ৩ লাখ, দ্বিতীয় পুরস্কার ২ লাখ এবং তৃতীয় পুরস্কার ১ লাখ টাকা।
সবশেষে জাতীয় পর্যায়ে নির্বাচিত একটি মাধ্যমিক ও একটি উচ্চমাধ্যমিক প্রতিষ্ঠানের প্রতিটিকে ৫ লাখ টাকা করে পুরস্কার দেওয়া হবে।
প্রতিযোগিতা আয়োজনের জন্য উপজেলা পর্যায়ে ৩০ হাজার, জেলা পর্যায়ে ৫০ হাজার এবং বিভাগীয় পর্যায়ে ৫০ হাজার টাকা করে বরাদ্দ রাখা হয়েছে।
এই আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে সৃজনশীলতা, ইতিহাসচেতনা ও গণতান্ত্রিক মূল্যবোধ বৃদ্ধির পাশাপাশি জুলাই গণ-অভ্যুত্থানের তাৎপর্য তুলে ধরার লক্ষ্য নিয়েছে সরকার।