শিক্ষা

অবশেষে আজ পরীক্ষায় ফিরছেন প্রাথমিকের শিক্ষকরা


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০২৫, ০৩:২৭ পিএম

অবশেষে আজ পরীক্ষায় ফিরছেন প্রাথমিকের শিক্ষকরা
ছবি: সংগৃহীত

গণবদলি’ ও ‘গণ-শোকজের’ মতো সকল পরিস্থিতির মুখে কর্মসূচি সাময়িকভাবে স্থগিত করে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা অবশেষে বার্ষিক পরীক্ষায় ফিরছেন।

আন্দোলনরত শিক্ষকদের সংগঠন ‘প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ’-এর নেতা শামছুদ্দিন মাসুদ বিষয়টি নিশ্চিত করেছেন।

আজ রবিবার (৭ ডিসেম্বর) দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চলমান বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং এতে অংশ নেবেন সহকারী শিক্ষকরা। গতকাল শনিবার দিবাগত রাত ৯টার দিকে গণমাধ্যমের কাছে তথ্যটি নিশ্চিত করেন।

তিনি বলেন, শিক্ষার্থীদের স্বার্থ ও অভিভাবকদের দাবিকে গুরুত্ব দিয়ে আমরা পরীক্ষায় অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। একই সঙ্গে যেভাবে শিক্ষকরা গণহারে শোকজ ও বদলির মাধ্যমে হয়রানির শিকার হচ্ছেন, তার পরিপ্রেক্ষিতে আপাতত কর্মসূচি স্থগিত করা হয়েছে। বার্ষিক পরীক্ষার পর আবার নতুন কর্মসূচির ঘোষণা দেওয়া হবে।

উল্লেখ্য, ২৭ নভেম্বর থেকে দাবি বাস্তবায়ন পরিষদের আহ্বানে শিক্ষকরা লাগাতার কর্মবিরতি শুরু করেন। এরপর ১ ডিসেম্বর থেকে বার্ষিক পরীক্ষা বর্জন এবং ২ ডিসেম্বর থেকে বিদ্যালয় বন্ধ রেখে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি পালন করে।

তবে ৪ ডিসেম্বর ৪২ জন শিক্ষককে একযোগে ভিন্ন জেলায় ‘প্রশাসনিক বদলি’ করার পর আন্দোলনরত শিক্ষকরা কর্মসূচি স্থগিত করে পরীক্ষায় ফেরার সিদ্ধান্ত নেন।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশে বর্তমানে ৬৫ হাজার ৫৬৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে যেখানে পড়ছে প্রায় এক কোটি শিক্ষার্থী। শিক্ষক সংখ্যা তিন লাখ ৮৪ হাজারের বেশি, যাদের বেশিরভাগই সহকারী শিক্ষক।

বর্তমানে প্রাথমিকের প্রধান শিক্ষকরা দশম গ্রেডে উন্নীত হলেও সহকারী শিক্ষকরা ১৩তম গ্রেডে আছেন। এ নিয়ে তারা দীর্ঘদিন ধরে অসন্তোষ প্রকাশ করে গ্রেড উন্নীতকরণের দাবি জানিয়ে আসছে।