শিক্ষা

৭ জুন থেকে এইচএসসি পরীক্ষা শুরু


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ৩০ মার্চ ২০২৬, ০২:২১ পিএম

৭ জুন থেকে এইচএসসি পরীক্ষা শুরু
ছবি: সংগৃহীত

চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা আগামী ৭ জুন থেকে শুরু করার প্রস্তাব করা হয়েছে। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি প্রাথমিকভাবে এই তারিখ নির্ধারণ করলেও শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদনের পরই চূড়ান্ত সময়সূচি ঘোষণা করা হবে।

রবিবার (২৯ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত বোর্ড চেয়ারম্যানদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় উপস্থিত একজন চেয়ারম্যান জানান, শিক্ষামন্ত্রীর দিকনির্দেশনা এবং সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করেই পরীক্ষার সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে।

এ বছর থেকে পরীক্ষায় বড় পরিবর্তন আসছে। দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে প্রথমবারের মতো অভিন্ন প্রশ্নপত্রে এইচএসসি পরীক্ষা নেওয়া হবে। এর আগে মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা অনুষ্ঠিত হতো। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এবার দেশের সব মিলিয়ে ১১টি শিক্ষা বোর্ডেই একই প্রশ্নপত্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে।