শিক্ষা
১৬ দিনের ছুটি শেষে রোববার খুলছে স্কুল-কলেজ
পবিত্র ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে টানা ১৬ দিনের ছুটি শেষে আগামীকাল রোববার (৭ জুন) থেকে সারাদেশে খুলছে স্কুল ও কলেজ। দীর্ঘ বিরতির পর আবারও শ্রেণিকক্ষে ফিরবে লাখো শিক্ষার্থী।
শিক্ষাপঞ্জি অনুযায়ী, প্রাথমিক থেকে উচ্চমাধ্যমিক স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে গত ২৪ মে থেকে ঈদ ও গ্রীষ্মকালীন ছুটি শুরু হয়। সাপ্তাহিক ছুটি মিলিয়ে শিক্ষার্থীরা টানা ১৬ দিনের অবকাশ কাটিয়েছে।
সরকারি ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়, কলেজ এবং কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ৪ জুন পর্যন্ত ছুটি নির্ধারিত ছিল। এরপর ৫ ও ৬ জুন সাপ্তাহিক ছুটি থাকায় ৭ জুন রোববার থেকে পুনরায় পাঠদান শুরু হচ্ছে।
তবে মাদ্রাসা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ছুটি কিছুটা বেশি দীর্ঘ হচ্ছে। আলিয়া, দাখিল, আলিম, ফাজিল ও কামিল স্তরের মাদ্রাসাগুলোতে ২৪ মে থেকে শুরু হওয়া ছুটি চলবে ১১ জুন পর্যন্ত।
এরপর ১২ ও ১৩ জুন সাপ্তাহিক ছুটি থাকায় আগামী ১৪ জুন (রোববার) থেকে মাদ্রাসাগুলোতে পাঠদান শুরু হবে।
দীর্ঘ ছুটি শেষে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার খবরে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে স্বাভাবিক কার্যক্রমে ফেরার প্রস্তুতি দেখা যাচ্ছে।