শিক্ষা
চট্টগ্রাম ছাড়া অন্য সব বোর্ডে নির্ধারিত সূচিতে হবে এইচএসসি পরীক্ষা: আন্তঃশিক্ষা বোর্ড
চট্টগ্রাম শিক্ষা বোর্ড ছাড়া দেশের সব শিক্ষা বোর্ডে পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী উচ্চমাধ্যমিক ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।
সোমবার রাতে কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামানের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অতিবৃষ্টির ফলে সৃষ্ট বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন উচ্চমাধ্যমিক ও সমমানের পরীক্ষা আগামী ১৬ জুলাই পর্যন্ত স্থগিত রাখা হয়েছে। তবে দেশের অন্যান্য শিক্ষা বোর্ডের অধিকাংশ পরীক্ষাকেন্দ্র পরীক্ষা গ্রহণের জন্য উপযোগী রয়েছে।
স্থানীয় প্রশাসনের প্রতিবেদন পর্যালোচনার ভিত্তিতে চট্টগ্রাম শিক্ষা বোর্ড ছাড়া দেশের অন্যান্য সব শিক্ষা বোর্ডে পূর্বঘোষিত সূচি অনুযায়ী পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।