শিক্ষা
বিসিএস শিক্ষা ক্যাডারে পদোন্নতি পেলেন ১৪৫ প্রদর্শক, দেখে নিন তালিকা
সরকার দেশের বিভিন্ন সরকারি কলেজে কর্মরত বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের ১৪৫ জন প্রদর্শককে প্রভাষক পদে পদোন্নতি দিয়েছে। পদোন্নতিপ্রাপ্তদের আগামী মঙ্গলবার (২১ জুলাই) বিকেল ৪টার মধ্যে নতুন কর্মস্থলে যোগদান করতে নির্দেশ দেওয়া হয়েছে।
সোমবার (২০ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি কলেজের ১০ম গ্রেডের প্রদর্শক পদ থেকে পদোন্নতি পেয়ে তারা জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী নবম গ্রেডে (২২ হাজার থেকে ৫৩ হাজার ৬০ টাকা) বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের প্রভাষক পদে নিয়োগ পেয়েছেন।
পদোন্নতিপ্রাপ্তদের মধ্যে রসায়নে ৩০ জন, প্রাণিবিদ্যায় ৩৩ জন, পদার্থবিজ্ঞানে ৩০ জন, উদ্ভিদবিজ্ঞানে ৩০ জন, ভূগোলে ৮ জন, মৃত্তিকাবিজ্ঞানে ১ জন, পরিসংখ্যানে ১ জন, মনোবিজ্ঞানে ২ জন, গণিতে ৩ জন, কম্পিউটার বিষয়ে ১ জন, তথ্য ও যোগাযোগপ্রযুক্তিতে ১ জন, গার্হস্থ্য অর্থনীতিতে ৩ জন এবং জীববিজ্ঞানে ২ জন রয়েছেন।
এতে আরও বলা হয়েছে, বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের গত ৭ মে দেওয়া সুপারিশের ভিত্তিতেই এ পদোন্নতি কার্যকর করা হয়েছে।
প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী পদোন্নতিপ্রাপ্তদের অবমুক্তি ও যোগদানের সব কার্যক্রম অনলাইনে সম্পন্ন করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে নতুন কর্মস্থলে যোগদান বাধ্যতামূলক।
তালিকা দেখতে এখানে ক্লিক করুন।