বিনোদন

‘চুল কাটতে গিয়ে সালমান খানের কান কেটে ফেলেছিলাম’


বিনোদন ডেস্ক
প্রকাশ: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩৯ পিএম

‘চুল কাটতে গিয়ে সালমান খানের কান কেটে ফেলেছিলাম’
ছবি: সংগৃহীত

বলিউড তারকাদের হেয়ার স্টাইল মানেই এক শিল্প, আর সেই শিল্পের পেছনে যাদের হাতে জাদু থাকে তাদের একজন দর্শন ইয়েওয়ালেকর। এই জনপ্রিয় হেয়ার স্টাইলিস্ট আজ কাজ করছেন রণবীর সিং, ভিকি কৌশল, অনন্যা পাণ্ডে কিংবা ইব্রাহিম আলি খানের মতো প্রথম সারির তারকাদের সঙ্গে। অথচ একসময় সালমান খানের চুল কাটতে গিয়েই ঘটিয়েছিলেন এক বিব্রতকর ঘটনা—দেখে ফেলেছিলেন ‘ভাইজান’-এর কান!

সম্প্রতি ভারতীয় এক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে নিজের ক্যারিয়ারের শুরু এবং সেই চমকপ্রদ ঘটনাটির স্মৃতিচারণ করেন দর্শন। তিনি জানান, বিনোদন জগতে তার আগমন ছিল পুরোপুরি আকস্মিক—“কোনো পরিকল্পনা ছিল না,” বলেন দর্শন। “ছোট শহর থেকে আসা একজন সাধারণ মানুষ হিসেবে বলিউডে এসে সরাসরি সালমান খানের সঙ্গে কাজ করা সত্যিই অভাবনীয়। সুভাষ ঘাই পরিচালিত যুবরাজ সিনেমাতেই আমার প্রথম কাজ সালমানের সঙ্গে, যা আমার জন্য বলিউডের দরজা খুলে দিয়েছিল।”

darshan_Dhakaprokash.jpg

এই আলাপচারিতায় সবচেয়ে মজার অংশ আসে, যখন দর্শনকে প্রশ্ন করা হয় সালমান খানের কান কাটার ঘটনা নিয়ে। হেসে দর্শন বলেন, “হ্যাঁ, সত্যি। সামান্য খোঁচা লেগেছিল তখন। তখনকার ট্রিমারগুলো এত উন্নত ছিল না। খোঁচা লাগার সঙ্গে সঙ্গেই ভয় পেয়ে যাই। কিন্তু সালমান ছিলেন একদম শান্ত। এমনভাবে বিষয়টা নিলেন, যেন কিছুই হয়নি। আমি তো ঘেমে একাকার!”

সালমানের আন্তরিকতা আর ধৈর্যের প্রশংসা করে দর্শন বলেন, “ক্যারিয়ারের শুরুতেই উনি আমার উপর যে আস্থা রেখেছিলেন, সেটা অভাবনীয়। চুল নিয়ে নানা রকম এক্সপেরিমেন্ট করার সুযোগ দিয়েছেন, যেটা সাধারণত সবাই করেন না। আজও সেই বিষয়গুলো আমাকে অনুপ্রাণিত করে।”

darshan1_Dhakaprokash.jpg

সালমান খান ছাড়াও রণবীর সিংয়ের সঙ্গে কাজের অভিজ্ঞতা দর্শনের কাছে এক অন্যরকম সৃজনশীল আনন্দ। ‘বাজিরাও মস্তানি’ সিনেমার সময় তিনিই রণবীরের ন্যাড়া লুকের প্রস্তাব দিয়েছিলেন, যা সাহসী এক সিদ্ধান্ত ছিল ঐতিহাসিক প্রেক্ষাপটের কারণে। ‘পদ্মাবত’ সিনেমাতেও সম্পূর্ণ আলাদা কেশসজ্জা তৈরি করা হয়েছিল পরিচালকের সঙ্গে আলোচনা করে।

দর্শন বলেন, “রণবীরের সঙ্গে কাজ করতে গিয়ে আমি বুঝেছি, সৃজনশীলতার কোনো সীমা নেই। ও নিজেই প্রতিটি লুককে নিজের করে তোলে। ‘৮৩’ সিনেমায় কপিল দেবের লুক তৈরি করতে ৫টি লুক টেস্ট হয়েছিল। এমনকি গোঁফের ছাঁটও হয়েছিল ৪০ মিনিট ধরে!”

বলিউডের তারকাদের এই ‘চুল কারিগর’ দর্শন ইয়েওয়ালেকর প্রমাণ করে দিয়েছেন, প্রতিটি চুলের কাটা-ছাঁটাইয়ের মধ্যেই লুকিয়ে থাকতে পারে গল্প, ইতিহাস আর আবেগ।