বিনোদন
হিরো আলমসহ দুইজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
রাজধানীর হাতিরঝিল থানায় দায়ের করা এক মামলায় আলোচিত কনটেন্ট নির্মাতা আশরাফুল আলম ওরফে হিরো আলম এবং আহসান হাবিব সেলিমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।
বুধবার (১২ নভেম্বর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামান এ আদেশ দেন। মামলাটি করেছিলেন হিরো আলমের সাবেক স্ত্রী রিয়া মনি, যেখানে তিনি হত্যাচেষ্টা, মারধর ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ এনেছেন।
বাদীপক্ষের আইনজীবী জিয়াউর রহমান চৌধুরী সাংবাদিকদের জানান, আসামিরা জামিনের শর্ত ভঙ্গ করেছেন এবং নিয়মিত আদালতে হাজিরা দিচ্ছিলেন না। এজন্য বাদীপক্ষ তাদের জামিন বাতিলের আবেদন জানায়। শুনানি শেষে আদালত জামিন বাতিল করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

মামলার এজাহারে বলা হয়, হিরো আলম ও রিয়া মনির মধ্যে সম্প্রতি পারিবারিক বিরোধ দেখা দেয়। পরে হিরো আলম তাকে তালাক দিয়ে বাসা থেকে বের করে দেন।
গত ২১ জুন এক সমঝোতার উদ্যোগে হাতিরঝিল এলাকায় এক বাসায় দুই পক্ষের মধ্যে দেখা হয়। সেখানে হিরো আলমসহ ১০–১২ জন অজ্ঞাতপরিচয় ব্যক্তি রিয়া মনি ও তার পরিবারের সদস্যদের গালিগালাজ ও মারধর করেন বলে অভিযোগ করা হয়েছে।
অভিযোগে আরও বলা হয়, হামলার সময় বাদীর শরীরে জখম হয় এবং তার গলায় থাকা দেড় ভরি ওজনের স্বর্ণের চেইন চুরি করে নিয়ে যায় অভিযুক্তরা।
ঘটনার দুই দিন পর, ২৩ জুন, রিয়া মনি হাতিরঝিল থানায় মামলা দায়ের করেন।