বিনোদন

আমি ভবের পাগল নই, ভাবের পাগল: সমু চৌধুরী


বিনোদন ডেস্ক
প্রকাশ: ১২ আগস্ট ২০২৫, ০৭:১৩ পিএম

আমি ভবের পাগল নই, ভাবের পাগল: সমু চৌধুরী
অভিনেতা সমু চৌধুরীা। ছবি: সংগৃহীত

ছোট ও বড় পর্দার জনপ্রিয় অভিনেতা সমু চৌধুরী সম্প্রতি ভাইরাল হয়েছিলেন এক অদ্ভুত দৃশ্যের কারণে। টাঙ্গাইলের গফরগাঁওয়ের মিসকিন মাজারের গাব গাছতলায় মাটির ওপর মাদুর বিছিয়ে গামছা পরে গভীর ঘুমে আচ্ছন্ন— এমন ছবি ও ভিডিও মুহূর্তেই ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়।

এ নিয়ে নানারকম আলোচনা-সমালোচনা, এমনকি তার মানসিক সুস্থতা নিয়েও প্রশ্ন ওঠে।

shomu chowdhury_Dhakaprokash.jpg

তবে বর্তমানে তিনি পুরোপুরি সুস্থ আছেন বলে জানান। সম্প্রতি এক গণমাধ্যমের স্টুডিওতে উপস্থিত হয়ে নিজের অভিজ্ঞতা ও বর্তমান জীবনযাপন নিয়ে খোলামেলা কথা বলেন সমু চৌধুরী।

তিনি জানান, ইদানীং প্রায়ই তিনি একা একা বেরিয়ে পড়েন— নিজের জগতে, নিজের মতো করে সময় কাটাতে। সেই কথোপকথনে তিনি স্পষ্ট করে বলেন, “আমি ভবের পাগল নই, ভাবের পাগল।”

somu chowdhury1_Dhakaprokash.jpg

মাজারে যাওয়ার অভ্যাসের ব্যাখ্যায় সমু চৌধুরী বলেন, “আমি পাগল দেখতে যাই না। আমারে যে পাগল বলল, সে জানে না— আমার চেয়ে বড় বড় পাগলও আছে। পাগল হতে হলে অতি সাধারণ হতে হয়, কিন্তু আমাদের এই চেহারা নিয়ে তা সম্ভব না। তারপরও দায়িত্ব পালন করেই যেতে হয়, নইলে সবাই বলবে হেরে গেছি।”

আউলিয়া হওয়া সহজ নয় উল্লেখ করে তিনি আরও বলেন, “আমার মতো এত ভাইরাল হও না ল্যাংটা হয়ে! আছে কোনো শিল্পী, যার কলিজা আছে এটা করার? সমু চৌধুরী অনেক বড় জিনিস— সবাই আমাকে ধরতে পারবে না। কিন্তু ‘সমু পাগলের’ কাছে সবাই যেতে পারবে, কারণ সে সাধারণ মানুষের।”