বিনোদন
পোশাকের ওপর অন্তর্বাস পরে আবারও বিতর্কে নেহা কক্কর
ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী নেহা কক্কর আবারও এসেছেন বিতর্কের কেন্দ্রে—এবার তার ‘অদ্ভুত ফ্যাশন’ নিয়ে। সম্প্রতি একটি ছবি পোস্ট করে সামাজিক মাধ্যমে ঝড় তুলেছেন তিনি।
ছবিতে দেখা যায়, নেহা পরেছেন সাদা ক্রপ টপ, আর তার ওপর স্পষ্টভাবে দেখা যাচ্ছে নীল রঙের অন্তর্বাস। শুধু তাই নয়, তার ট্র্যাকপ্যান্টের ভেতর থেকেও উঁকি দিচ্ছে আরেকটি জিম ওয়্যারের অংশ। হাতে ‘লাবুবু’ নামে এক খেলনা পুতুল, মুখে হাসি, আর চোখে রোদচশমা—এই সাজে ক্যামেরাবন্দি হয়ে পোস্ট দিয়েছিলেন নেহা।

আর এতেই শুরু হয়ে যায় সমালোচনার ঝড়। অনেকেই প্রশ্ন তুলেছেন, “অন্তর্বাসই যদি দেখাতে চান, তাহলে পোশাক পরে কী লাভ?” কেউ বলেছেন, “এটা কেমন পোশাক? এ কোন দুনিয়া থেকে এসেছে?” আবার কেউ নেহাকে ব্যঙ্গ করে বলেছেন, “লেডি সুপারম্যান মনে হয়!”
তবে শুধু ট্রোলই নয়, কিছু ভক্ত আবার নেহার পক্ষে কথা বলেছেন। তাদের মতে, নিজের পছন্দমতো পোশাক পরা একজন নারীর ব্যক্তিগত অধিকার।
এর আগেও নেহা কক্কর বিভিন্ন বিষয়ে যেমন—কনসার্টে দেরি করা, অশ্রুপাত করা কিংবা অতিরিক্ত আবেগ দেখানোয় সমালোচনার শিকার হয়েছেন। এবার ফ্যাশন নিয়ে আলোচনায় উঠে এলেন তিনি।