বিনোদন
বিয়ে করলেন পরিচালক মিজানুর রহমান আরিয়ান, পাত্রী কে?
ছোট পর্দার জনপ্রিয় পরিচালক মিজানুর রহমান আরিয়ান এবার জানালেন জীবনের সুখবর। বেশ কিছুদিন ধরেই কাজের ব্যস্ততা কমিয়ে আড়ালে ছিলেন তিনি। অবশেষে মঙ্গলবার (২ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে বিয়ের ছবি প্রকাশ করে জানালেন, তিনি জীবনসঙ্গী বেছে নিয়েছেন।
তবে বিয়েটি কবে হয়েছে, সেটি তিনি প্রকাশ করেননি। ছবির ক্যাপশনে লেখেন, “যে মানুষটা চায় আপনার জীবনে ভালো কিছু আসুক, সে-ই আপনার জীবনে আসা সবচেয়ে ভালো কিছু।”
পরিচালকের ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, আরিয়ানের স্ত্রীর নাম তাহসিন তামান্না। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করেছেন।

গণমাধ্যমে পাঠানো সংক্ষিপ্ত বার্তায় আরিয়ান জানান, তাহসিনের সঙ্গে তার পরিচয় প্রায় সাত বছরের। দীর্ঘ বন্ধুত্ব ও বোঝাপড়ার পথ পেরিয়ে অবশেষে সম্পর্কটি বিয়েতে পরিণত হয়েছে।
আরিয়ান আরও জানিয়েছেন, আগামী ঈদুল ফিতরের পর আত্মীয়স্বজন, বন্ধু এবং সহকর্মীদের নিয়ে হবে আনুষ্ঠানিক আয়োজন। এরই মধ্যে তাদের নতুন জীবনের জন্য শুভকামনা ও দোয়ার অনুরোধ জানিয়েছেন তিনি।