বিনোদন

বাবা হারালেন অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রা


বিনোদন ডেস্ক
প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:১০ পিএম

বাবা হারালেন অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রা
ছবিঃ সংগৃহিত

বলিউড অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রার বাবা সুনীল মালহোত্রা পাড়ি জমালেন না ফেরার দেশে। এ ঘটনায় অভিনেতার পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। 

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বাবার প্রয়াণের এই খবর সিদ্ধার্থ নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে এক আবেগঘন বার্তায় শেয়ার করেন। 

বাবার সঙ্গে একাধিক ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে সিদ্ধার্থ লেখেন, ‘তুমিই আমার জীবনের শক্তি ছিলে বাবা। তোমার উপস্থিতি অনেক মূল্যবান ছিল আমাদের কাছে।’ 

এদিকে শ্বশুরের প্রয়াণে তাকে নিয়ে সিদ্ধার্থের স্ত্রী কিয়ারা আদভানিও আবেগঘন স্মৃতিচারণা করেছেন। বুধবার শ্বশুর সুনীল মালহোত্রাকে নিয়ে নিজের অনুভূতি জানাতে ইনস্টাগ্রামে অভিনেত্রী লেখেন, ‘প্রথম দিন থেকেই উষ্ণ অভ্যর্থনায় আমাকে নিজের করে নিয়েছিলে। কখনো কিছুর কমতি ছিল না। স্নেহ-ভালোবাসায় আমাকে পরিবারের একজন করে নিয়েছিলে। তোমার পরিবারের প্রতি তোমার ভালোবাসা, দায়বদ্ধতাই ছিল তোমার জীবনের সব কিছু। সবার ছোট ছোট জিনিসের দিকে তুমি বরাবর নজর রেখেছ। পরিবারের সবার জন্য সবটুকু উজাড় করে দিয়ে গিয়েছ। কিন্তু পরিবর্তে কিছুই চাওনি। 

তোমার হাসি, প্রাণোচ্ছ্বল স্বভাব, তোমার শক্তি, সবাইকে আপন করে নেওয়ার ক্ষমতা- এই সব কিছুই থেকে যাবে তোমার ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে। ভীষণ মনে পড়বে তোমায়। চিরশান্তিতে থেকো।’ 

উল্লেখ্য, পরিবারের এই কঠিন সময়ে তাঁদের পাশে দাঁড়িয়েছেন সহকর্মী ও শুভানুধ্যায়ীরা।