বিনোদন

আলভী তার মৃত স্ত্রীর চরিত্র হননের চেষ্টা করছেন: এলিনা শাম্মী


বিনোদন ডেস্ক
প্রকাশ: ০৮ মার্চ ২০২৬, ০৩:১১ পিএম

আলভী তার মৃত স্ত্রীর চরিত্র হননের চেষ্টা করছেন: এলিনা শাম্মী
ছবিঃ সংগৃহিত

সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনেতা জাহের আলভীকে ঘিরে নতুন করে আলোচনা সমালোচনা শুরু হয়েছে। প্রয়াত স্ত্রী ইকরার ব্যক্তিগত জীবন কাঠগড়ায় আনছেন তিনি, যা আলভী তার মৃত স্ত্রীর চরিত্র হননের চেষ্টা করছেন বলে মন্তব্য করেছেন অভিনেত্রী এলিনা শাম্মী।

শনিবার (০৭ মার্চ) নিজের ফেসবুক স্ট্যাটাসে এলিনা শাম্মী অভিযোগ করেছেন, জাহের আলভীর সঙ্গে অন্য এক নারীর দীর্ঘদিনের বিবাহবহির্ভূত সম্পর্ক ছিল। সেই সম্পর্কের কারণে তার স্ত্রী ইকরা মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। এখন আলভী নিজের মৃত স্ত্রীর চরিত্র হননের চেষ্টা করছেন বলে অভিযোগ করে শাম্মী লেখেন, ‘জাহের আলভী সারা পৃথিবীর মানুষ জানে আপনার সাথে অন্য নারীর বিবাহবহির্ভূত সম্পর্ক ছিল। মৃত ইকরাকে দোষারোপ করে নিজেকে নির্দোষ সাব্যস্ত করার যে প্রক্রিয়া শুরু করেছেন, তাতে আপনি আরও দোষী প্রমাণিত হচ্ছেন। কাকের মতো নিজেদের বিবাহবহির্ভূত এই সম্পর্ক স্বাচ্ছন্দ্যে বয়ে বেড়িয়েছেন বছরের পর বছর। আর আপনার বিয়ে করা বউ আপনার পথ চেয়ে থেকেছে আর নিজে ভেতরে ভেতরে নিঃশেষ হয়েছে। তাকে তো মেরে ফেলেছেন অনেক আগেই, মানুষটা শুধু নিশ্বাস নিত। তাই তাকে জীবিত বলা হতো, সে বেঁচে থাকতে চাইত, আপনার সন্তান ও আপনার ছত্রছায়ায়, আপনার পরিচয়ে পরিচিত হয়ে।’

লেখাটিতে আরও বলা হয়েছে, ‘আপনাদের দুজনের সম্পর্কের মাঝে এক অনভিপ্রেত নারীর এই আগমন সে সহ্যের শেষ সীমায় দাঁড়িয়ে মেনে নিয়েছে। কারণ সে আপনাকে সীমাহীন ভালোবাসত। আর আপনি তাকে কুকুরের মতো ধুরধুর করতেন। নিজের অবস্থানের উন্নতি হওয়ার সাথে সাথে ধরাকে সরা জ্ঞান করেছেন। কিন্তু প্রকৃতি সব সময় প্রাপ্য ফেরত দেয়।

আপনি অন্য নারীকে নিয়ে শুটিং সেটে, সেটের বাইরে সকল ধরনের আনন্দ-উল্লাসে মেতেছেন, আর এখন দুজনেই সেটা এড়িয়ে যাওয়ার চেষ্টা করছেন। পারলে পরিষ্কার করে বলুন, ‘আপনার গার্লফ্রেন্ড’ খ্যাত মেয়েটি আর আপনার মধ্যে কোনো প্রেম-ভালোবাসা জাতীয় কোনো সম্পর্ক ছিল না, বলুন, চ্যালেঞ্জ করুন যে আপনার নামে যা বলা হচ্ছে সব মিথ্যা। এবং সবার আগে সেটাই প্রমাণ করুন।’

পোস্টের শেষ দিকে আরও দাবি করা হয়েছে যে, ‘সেটা না করে আপনি মৃত ইকরার চরিত্র হননের চেষ্টা করছেন! ইকরার সম্পর্কে যা যা বলছেন, সেগুলো যদি সে করেও থাকে তো তখন চুপ করে ছিলেন কেন? সে তো আপনাকে ফেরাতেও চাইতে পারে অন্যের সঙ্গে ঘনিষ্ঠতা দেখিয়ে? আপনি তখন কথা বলেননি, তার কারণ আপনি অন্যখানে অন্য এক জগৎ তৈরি করে নিজে রাজা আর আরেকজনকে রানি বানিয়ে সিংহাসন খুলে বসেছিলেন। আপনার স্ত্রী কোথায় কার সাথে কী করে-সেসব নিয়ে আপনার কোনো হেলদোল ছিল না। মেয়েটিকে এক অদৃশ্য আয়নাঘরে রেখেছিলেন আপনি। শুধু ছুরি দিয়ে আঘাত করেননি, কিন্তু বিষ দিয়েছেন এমনভাবে, যেন তিলে তিলে সে শেষ হয়। আপনাকে অন্যের সাথে ভাগাভাগি করেও সে আপনার সাথে থাকতে চেয়েছে।’