বিনোদন

গুলশানে পথচারীকে মারধরের ঘটনায় মনিকা কবিরকে লিগ্যাল নোটিশ


বিনোদন ডেস্ক
প্রকাশ: ১১ মার্চ ২০২৬, ০৫:৪৪ পিএম

গুলশানে পথচারীকে মারধরের ঘটনায় মনিকা কবিরকে লিগ্যাল নোটিশ
মডেল মনিকা কবির। ছবি: সংগৃহীত

রাজধানীর গুলশানে এক পথচারীকে মারধরের ঘটনায় আলোচনায় থাকা কথিত রুশ-বাংলা মডেল মনিকা কবিরকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার জন্য লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।

বুধবার (১১ মার্চ) সুপ্রিম কোর্টের আইনজীবী জান্নাতুল ফেরদৌস ডাকযোগে তাকে নোটিশটি পাঠান।

নোটিশে মনিকা কবিরকে অবিলম্বে এ ধরনের অশালীন কনটেন্ট তৈরি থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি ফেসবুক থেকে সংশ্লিষ্ট ভিডিও সরিয়ে নেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে। নোটিশে তার বাংলাদেশে অবস্থান, বৈধ ওয়ার্ক পারমিট ও ভিসা আছে কি না—সেবিষয়েও তথ্য উপস্থাপন করতে বলা হয়েছে।

লিগ্যাল নোটিশে উল্লেখ করা হয়েছে, সাত দিনের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে ঢাকা মেট্রোপলিটন অধ্যাদেশ ১৯৭৬, সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৫ এবং বাংলাদেশ দণ্ডবিধি ১৮৬০ অনুযায়ী তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে মঙ্গলবার (১০ মার্চ) গুলশান এলাকায় এক সাধারণ পথচারীকে মারধরের অভিযোগে মনিকা কবির সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় আসেন। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, তিনি রাস্তার মাঝখানে দাঁড়িয়ে ভিডিও ধারণ করছিলেন। এ সময় এক পথচারী তার কাছাকাছি চলে গেলে তিনি ক্ষিপ্ত হয়ে তাকে মারধর করেন। পরে ওই ব্যক্তিকে হাসিমুখে উড়ন্ত চুমু দিতে দেখা যায়। ভিডিওটি নিজের ফেসবুকে আপলোড করেছিলেন তিনি।

ভিডিও প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা যায়। অনেকেই ঘটনাটির সমালোচনা করে সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন। অভিযোগ রয়েছে, ভিডিওটি ভাইরাল করার উদ্দেশ্যেই প্রকাশ করা হয়েছে।

স্থানীয় সূত্র জানিয়েছে, বিষয়টি নিয়ে তদন্তের দাবি উঠেছে এবং আইনশৃঙ্খলা বাহিনী ভিডিওটি যাচাই করতে পারে।