বিনোদন
ক্ষমা চাইলেন ভিনিসিয়ুস, দিলেন ঘুরে দাঁড়ানোর প্রতিশ্রুতি
২০২৬ ফিফা বিশ্বকাপের শেষ ষোলোতে নরওয়ের কাছে হেরে বিদায় নেওয়ার পর গভীর হতাশা প্রকাশ করেছিলেন ব্রাজিলের তারকা ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র। কয়েকদিন নীরব থাকার পর এবার আবারও ভক্তদের কাছে ক্ষমা চেয়েছেন তিনি। একই সঙ্গে ব্রাজিলকে আবারও বিশ্ব ফুটবলের শীর্ষে ফিরিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন এই রিয়াল মাদ্রিদ তারকা।
শুক্রবার (১০ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ভিনিসিয়ুস লেখেন, নানা বয়সের অসংখ্য মানুষ তাকে এবং ব্রাজিল দলকে সমর্থন করেছেন, তাদের স্বপ্নে বিশ্বাস রেখেছেন। তাই নীরব থাকা তার কাছে ঠিক মনে হয়নি। তবে নিজেকে সামলে নিতে এবং পুরো বিষয়টি উপলব্ধি করার জন্য কয়েকটি দিনের প্রয়োজন ছিল বলে জানান তিনি।
তিনি বলেন, "ব্রাজিলের জার্সি গায়ে চাপানো আমার জীবনের সবচেয়ে বড় সম্মান। বিশ্বকাপের শেষ ষোলো থেকেই বিদায় নেওয়ার কষ্ট ভাষায় প্রকাশ করা কঠিন।"
বিশ্বকাপে ব্যর্থতার হতাশা স্বীকার করে ভিনিসিয়ুস বলেন, দলটি অনেক দূর যাওয়ার সামর্থ্য রাখলেও সেই লক্ষ্য পূরণ করতে পারেনি। এজন্য তিনি সমর্থকদের কাছে ক্ষমা চেয়ে বলেন, "আমি জানি, আমরা কতটা প্রস্তুতি নিয়েছিলাম, কতটা মনোযোগী ছিলাম। আপনাদের জন্য, আমার পরিবারের জন্য আমি বিশ্বকাপে সাফল্য খুব করে চেয়েছিলাম। এই হতাশা ভীষণ কষ্টের। আমি ক্ষমা চাইছি এবং ব্রাজিলকে আবারও বিশ্বের সেরা আসনে ফিরিয়ে আনতে শেষ পর্যন্ত লড়াই করে যাব।"
বিশ্বকাপে হতাশাজনক বিদায়ের পর ভিনিসিয়ুসের এই বার্তা ব্রাজিল সমর্থকদের জন্য নতুন করে আশার সঞ্চার করেছে। এখন ভবিষ্যতের চ্যালেঞ্জে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়েই এগিয়ে যেতে চান এই ব্রাজিলিয়ান তারকা।