বিনোদন
আর্জেন্টিনা কাপ জিতলে আবার বিয়ে করব: পরীমণি
বিশ্বকাপের সেমিফাইনালে আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ ঘিরে যখন বিশ্বজুড়ে ফুটবল উন্মাদনা, ঠিক তখনই ব্যতিক্রমী এক ঘোষণায় আলোচনায় এলেন ঢাকাই সিনেমার অভিনেত্রী পরীমণি। প্রিয় দল আর্জেন্টিনা শিরোপা জিতলে আবারও বিয়ে করবেন বলে জানিয়েছেন তিনি।
ম্যাচ চলাকালে বুধবার নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে একটি স্ট্যাটাসে পরীমণি লেখেন, ‘আর্জেন্টিনা কাপ জিতলে আমি আবার একটা বিয়া করবো, ফাইনাল।’ পোস্টের সঙ্গে তিনি কয়েকটি হাসির ইমোজিও যুক্ত করেন।
স্ট্যাটাসটি প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে তা ভাইরাল হয়ে যায়। অল্প সময়ের মধ্যেই পোস্টটিতে হাজার হাজার প্রতিক্রিয়া ও শেয়ার পড়ে। তবে মন্তব্যের সুযোগ বন্ধ রাখেন এই অভিনেত্রী।
পরীমণির এমন ঘোষণাকে অনেকেই নিছক রসিকতা হিসেবে দেখছেন। আর্জেন্টিনার প্রতি তার সমর্থনের বিষয়টি আগেও বিভিন্ন সময় সামাজিক মাধ্যমে উঠে এসেছে।
ব্যক্তিগত জীবন নিয়ে একাধিকবার আলোচনায় এসেছেন পরীমণি। বিভিন্ন সময়ে তার বিয়ে ও বিচ্ছেদ নিয়ে সংবাদ প্রকাশিত হয়েছে। সর্বশেষ ২০২১ সালে অভিনেতা শরিফুল রাজকে বিয়ে করেন তিনি। তাদের সংসারে শাহীম মুহাম্মদ পুণ্য নামে এক ছেলে রয়েছে। পরে ২০২৩ সালের সেপ্টেম্বরে তাদের আনুষ্ঠানিক বিচ্ছেদ হয়।
বর্তমানে একক মা হিসেবে ছেলে পুণ্যকে নিয়ে জীবন কাটাচ্ছেন পরীমণি। পাশাপাশি সিনেমা ও ওটিটি প্ল্যাটফর্মের বিভিন্ন কাজেও নিয়মিত ব্যস্ত সময় পার করছেন তিনি।
এদিকে, আর্জেন্টিনা ইংল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে উঠেছে। আগামী রোববার স্পেনের বিপক্ষে শিরোপা ধরে রাখার লড়াইয়ে মাঠে নামবে লিওনেল মেসির দল। এমন প্রেক্ষাপটেই পরীমণির মজার এই পোস্ট নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।