বিনোদন

দেশের তরুণ প্রজন্মকে নিয়ে আমি গর্বিত: অভিনেত্রী টুইঙ্কেল খান্না 


বিনোদন ডেস্ক
প্রকাশ: ২৩ জুলাই ২০২৬, ০৬:৪৫ পিএম

দেশের তরুণ প্রজন্মকে নিয়ে আমি গর্বিত: অভিনেত্রী টুইঙ্কেল খান্না 
ছবিঃ সংগৃহীত

ভারতে নিট (NEET) পরীক্ষা নিয়ে বিতর্ককে কেন্দ্র করে চলমান ছাত্র আন্দোলনের প্রতি প্রকাশ্যে সমর্থন জানিয়েছেন বলিউড অভিনেত্রী টুইঙ্কেল খান্না। দিল্লিতে ‘চলো সংসদ’ কর্মসূচিতে পুলিশের লাঠিচার্জের ঘটনার পর আন্দোলনরত শিক্ষার্থীদের সাহস ও প্রতিবাদের প্রশংসা করে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি আবেগঘন বার্তা দিয়েছেন তিনি।

নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে দিল্লি ও মুম্বাইয়ের বিক্ষোভের কয়েকটি ছবি শেয়ার করে টুইঙ্কেল লেখেন, “আমি এমন একটি দেশের নাগরিক হতে পেরে গর্বিত, যেখানে তরুণ প্রজন্ম এখনও অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে, প্রতিরোধ গড়ে তুলতে এবং টিয়ার গ্যাস ও লাঠির আঘাত সহ্য করার সাহস রাখে। তবে দুঃখের বিষয়, তাদের বাধ্য হয়ে এসবের মুখোমুখি হতে হচ্ছে।”

টুইঙ্কেলের শেয়ার করা ছবিগুলোর মধ্যে একটি ছিল ২৭ বছর বয়সী মডেল রিয়া আহিরের, যিনি মুম্বাইয়ের শিবাজী পার্কে বিক্ষোভ চলাকালে আটক আন্দোলনকারীদের বহনকারী পুলিশের প্রিজন ভ্যানের সামনে দাঁড়িয়ে প্রতিবাদ জানান। আরেকটি ছবিতে দিল্লিতে পুলিশের লাঠিচার্জের সময় এক নারীকে সহবিক্ষোভকারীদের রক্ষায় মানবঢাল হয়ে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।

পরীক্ষায় অনিয়মের অভিযোগে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে শুরু হওয়া এ আন্দোলনের প্রতি ইতোমধ্যে বলিউডের আরও বেশ কয়েকজন তারকা সংহতি প্রকাশ করেছেন। অভিনেত্রী শাবানা আজমি ও অভিনেতা প্রকাশ রাজ সরাসরি যন্তর মন্তরে গিয়ে শিক্ষার্থীদের কর্মসূচিতে অংশ নেন। এছাড়া সালমান খান, আলিয়া ভাট, সোনাক্ষী সিনহা, ইমরান খান এবং রাজকুমার রাও সামাজিক যোগাযোগমাধ্যমে আন্দোলনের প্রতি সমর্থন জানিয়েছেন।

বর্তমানে পরীক্ষা পদ্ধতির স্বচ্ছতা নিশ্চিত, প্রয়োজনীয় সংস্কার এবং জবাবদিহিতা প্রতিষ্ঠার দাবিতে দিল্লির যন্তর মন্তরে দেশের বিভিন্ন প্রান্ত থেকে শিক্ষার্থী, অভিভাবক ও সাধারণ মানুষ অবস্থান করছেন। আন্দোলনের নেতৃত্ব দিচ্ছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)।

আন্দোলনকারীদের দাবির মধ্যে রয়েছে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ, মানসিক চাপে আত্মহত্যাকারী শিক্ষার্থীদের পরিবারকে এক কোটি টাকা করে ক্ষতিপূরণ প্রদান এবং পরিবেশকর্মী সোনম ওয়াংচুকের মুক্তি। গত ২০ জুলাই অনুষ্ঠিত ‘চলো সংসদ’ কর্মসূচিকে ঘিরে আন্দোলন আরও তীব্র হয়ে ওঠে। একপর্যায়ে বিক্ষোভকারীদের একাংশের সঙ্গে পুলিশের সংঘর্ষ বাধে এবং পুলিশ টিয়ার গ্যাস ও লাঠিচার্জ করে।

আন্দোলনকারীরা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, পরীক্ষা পদ্ধতিতে কার্যকর সংস্কার, বিচার এবং জবাবদিহিতা নিশ্চিত না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন অব্যাহত থাকবে।

সূত্র: হিন্দুস্তান টাইমস