বিনোদন
‘আমার সিদ্ধান্ত নিয়ে উপদেশ দেবেন না’- সমালোচকদের উদ্দেশে বাঁধনের কড়া বার্তা
নতুন সিনেমা ‘গুলশানের চামেলি’-তে অভিনয়ের ঘোষণা দেওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার মুখে পড়েছেন জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন। তবে সমালোচনার জবাবে নিজের অবস্থান স্পষ্ট করেছেন তিনি।
গতকাল রবিবার (০২ আগস্ট) ফেসবুকে এক পোস্টে বাঁধন জানান, ‘গুলশানের চামেলি’ সিনেমার গল্প প্রথম শুনেই তিনি বুঝেছিলেন এটি একটি গুরুত্বপূর্ণ বার্তাবহ কাজ। আবদুল্লাহ জহির বাবুর চিত্রনাট্য, মোহাম্মদ ইকবালের পরিচালনা এবং জাহাঙ্গীর শিকদারের প্রযোজনায় নির্মিত সিনেমাটি সমসাময়িক একটি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরবে বলেও উল্লেখ করেন তিনি।
বাঁধন বলেন, এই সিনেমায় অভিনয়ের সিদ্ধান্ত সহজ ছিল না। তবে একজন অভিনেত্রী হিসেবে নিজেকে আরও সমৃদ্ধ করতে তিনি সবসময় চ্যালেঞ্জিং গল্প ও নতুন অভিজ্ঞতাকে বেছে নেন। পাশাপাশি কিংবদন্তি শিল্পীদের সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে নিজেকে সম্মানিত মনে করছেন বলেও জানান তিনি।
পরে আরেকটি পোস্টে সমালোচকদের উদ্দেশে কড়া বার্তা দেন বাঁধন। তিনি লেখেন, “আমার বিল কেউ পরিশোধ করে না, আর আমার জীবনও অন্য কেউ যাপন করে না। তাই অনুগ্রহ করে আমার ব্যক্তিগত সিদ্ধান্ত নিয়ে উপদেশ দেওয়ার জন্য আপনাদের মূল্যবান সময় ব্যয় করবেন না।”
তিনি আরও বলেন, জীবনে এমন কিছু মানুষ আছেন, যাদের পরামর্শ তিনি বিশ্বাস করেন, সম্মান করেন এবং গুরুত্ব দেন। নিজের জীবন নিয়ে সন্তুষ্ট উল্লেখ করে তিনি আশা প্রকাশ করেন, সময়ের সঙ্গে তিনি আরও এগিয়ে যাবেন এবং আরও সুখী হবেন।