বিনোদন

বিয়ের ৫ দিন পরেই বাবা হওয়ার খবর পেলেন নোবেল (ভিডিও)


বিনোদন ডেস্ক
প্রকাশ: ২৪ জুন ২০২৫, ১২:০২ পিএম

বিয়ের ৫ দিন পরেই বাবা হওয়ার খবর পেলেন নোবেল (ভিডিও)
ছবি কোলাজ: ঢাকাপ্রকাশ

সংগীতশিল্পী মাইনুল আহসান নোবেলের জীবনে যেন নাটকীয়তার শেষ নেই। প্রেম, বিচ্ছেদ, মামলা—সবকিছু পেরিয়ে মাত্র কয়েক দিন আগে বিয়ের পিঁড়িতে বসেছিলেন তিনি। আর বিয়ের মাত্র পাঁচ দিন পরেই এসেছে নতুন এক খবর—বাবা হতে চলেছেন নোবেল।

গত ১৯ জুন কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে আনুষ্ঠানিকভাবে প্রেমিকা ইসরাত জাহান প্রিয়াকে বিয়ে করেন নোবেল। আর মঙ্গলবার (২৪ জুন) আদালতের কাঠগড়ায় দাঁড়িয়েই স্ত্রী প্রিয়ার মুখে শুনলেন, তিনি বাবা হতে চলেছেন।

ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে নারী নির্যাতন ও পর্নোগ্রাফি মামলার শুনানিতে জামিন পান নোবেল। জামিন মঞ্জুরের পর তার আইনজীবী মো. খলিলুর রহমান সাংবাদিকদের জানান, ‘নোবেল ও প্রিয়া গত বছর থেকেই একসঙ্গে ছিলেন। তবে তখন তাদের বিয়ে রেজিস্ট্রি করা হয়নি। সেই ভুল বোঝাবুঝি থেকেই মামলা হয়েছিল। এখন সব সমাধান হয়ে গেছে। তারা নতুন জীবন শুরু করছেন। আর আজ আদালতেই প্রিয়া জানিয়েছে, তারা মা-বাবা হতে চলেছেন।’

আদালতের কাঠগড়ায় দেখা যায়, নোবেল ও প্রিয়া দু’জনেই বেশ হাস্যোজ্জ্বল। বেশ কিছুক্ষণ কথাও বলেন তারা। এরপর আদালত থেকে বেরিয়ে যাওয়ার সময় সারাক্ষণ প্রিয়ার হাত ধরে ছিলেন নোবেল। এমনকি লিফটে ওঠার সময়ও দু’জনে একসঙ্গেই ছিলেন।

গত ২০ মে থেকে নোবেল কারাগারে ছিলেন। প্রিয়া তার বিরুদ্ধে মামলা করেন, যেখানে অভিযোগ ছিল—সাত মাস ধরে আটকে রেখে ধর্ষণ ও নির্যাতন করা হয়েছে তাকে। মামলার শুনানিতে গত ১৮ জুন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত জামিনের শর্ত হিসেবে প্রিয়াকে বিয়ে করার নির্দেশ দেন নোবেলকে। আদালতের নির্দেশ অনুযায়ী, ১৯ জুন কারাফটকেই বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন তারা।

বিয়েতে দেনমোহর নির্ধারণ করা হয় ১০ লাখ টাকা। কারা কর্তৃপক্ষের উপস্থিতিতে উভয় পরিবারের সদস্য ও আইনজীবীদের সামনে বিয়ে সম্পন্ন হয়। সাক্ষী হিসেবে উপস্থিত ছিলেন নাজমা হোসেন, সাবিহা তারিন, মো. খলিলুর রহমান এবং মো. সাদেক উল্লাহ ভূঁইয়া।

জানা গেছে, বিয়ের আগে থেকেই প্রিয়া অন্তঃসত্ত্বা ছিলেন। তবে আইনি জটিলতার কারণে বিষয়টি গোপন ছিল। আদালতে জামিনের পর এই তথ্য সামনে আসে। এখন নতুন উদ্দীপনায় সংসার শুরু করতে যাচ্ছেন এই সংগীতশিল্পী।